সুড়ঙ্গ খুঁড়ে আবার ব্যাংকে চুরি

আবার সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের শাখা থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জে সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কোটি টাকা চুরির পর এবার বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের সোনালী ব্যাংকের শাখা থেকে ৩২ লাখ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। ব্যাংকের পাশের একটি আসবাবের দোকানের গুদাম ঘর থেকে সুড়ঙ্গ খুঁড়ে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ব্যাংকের দুই নিরাপত্তা প্রহরী মিলন হোসেন, পূর্ণদেব সাহা এবং ফার্নিচার দোকানের মালিক আশরাফুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আজ শনিবার বিকেলে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারে। খবর পেয়ে র্যাব-পুলিশ এবং সোনালী ব্যাংকের কর্মকর্তারা সেখানে ছুটে যান।
ব্যাংকের ব্যবস্থাপক শামসুদ্দিন শরিফ জানান, সংরক্ষিত নারী আসনের সাংসদদের টাকা জমা নেওয়ার জন্য সরকারি নির্দেশে আজ শনিবার ব্যাংক খোলা ছিল। সারা দিন ব্যাংকে তেমন লেনদেন ছিল না, এ কারণে সকালের দিকে ভল্ট খোলার প্রয়োজন হয়নি। বিকেল সাড়ে চারটার দিকে ভল্ট খোলার পর দেখা যায় সেখানে টাকা নেই। মেশিন দিয়ে কেটে চোরেরা টাকা নিয়ে গেছে। তিনি বলেন, ভল্টে ৩২ লাখ ৫১ হাজার ৯৮৪ টাকা ছিল।
ব্যাংকে গিয়ে এই প্রতিবেদক দেখেন, ভল্ট রুম থেকে ফার্নিচার দোকানের দূরত্ব ১৫ থেকে ২০ ফুট। এতে সহজেই সুড়ঙ্গ খুঁড়ে টাকা চুরি সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় চোরেরা ওই দিন বা তার আগের দিন থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করে। এর সঙ্গে ফার্নিচার দোকানের কেউ জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বগুড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম প্রথম আলোকে জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, সুড়ঙ্গ কেটে কিছুদিন আগে কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের একটি শাখা থেকে ১৬ কোটি টাকা চুরি হয়।এ ঘটনার পর পুলিশ তিনজনকে আটক করে রাজধানীর শ্যামপুর থেকে টাকা উদ্ধার করে।