সুয়েব এখন শুধু ফ্রেমে বাঁধা ছবি
সিলেটের দক্ষিণ সুরমায় হরতালকারীদের ধাওয়ায় আহত হওয়ার আগে অটোরিকশাচালক সুয়েব আহমদ (১৮) নিজের একটি ছবি তুলে ঘরে বাঁধাই করে
রেখেছিলেন। গত শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তাঁর পরনের শার্টটি। এখন সুয়েবের সেই ছবি আর শার্ট নিয়ে পরিবারে চলছে শোকের মাতম।
সুয়েবের মা সুমিনুর বেগমকে স্বজন ও পাড়া-প্রতিবেশী কেউই সান্ত্বনা দিয়ে মানাতে পারছেন না। ‘ওই শার্টখান ফিইন্দা (পরে) আমার পুয়া বাইর অইছিল। শার্টখান ফিরত দিল, পুয়ারে কেউ ফিরাইয়া দিল না...’ বলে আহাজারি করছিলেন তিনি। তাঁর সামনে রাখা ছিল ফ্রেমে বাঁধানো সুয়েবের ছবি।
সিলেটের দক্ষিণ সুরমায় গত বৃহস্পতিবার অবরোধ চলাকালে হরতালের ডাক দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। ওই এলাকায় হরতাল চলছে—বিষয়টি না জেনেই সুয়েব তাঁর অটোরিকশায় যাত্রী নিয়ে দক্ষিণ সুরমায় যাচ্ছিলেন। পাঁচটি মোটরসাইকেলে করে পিকেটাররা তাঁকে ধাওয়া করে।
পিকেটাররা লোহার শিকল দিয়ে মাথায় আঘাত করলে সুয়েব চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আহত হন। অবচেতন অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তিনি মারা যান।
সুয়েব আহমদের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার তেলিপাড়া গ্রামে। তিন ভাই ও দুই বোনের পরিবারে সুয়েবই ছিল একমাত্র রোজগারের ব্যক্তি। বাবা সফিক উদ্দিন শারীরিক কারণে কোনো পেশায় ছিলেন না। ছয় মাস আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে সুয়েবকে অটোরিকশা কিনে দিয়েছিলেন তিনি। সেটি চালিয়ে সংসার চলছিল, ব্যাংকঋণের কিস্তিও পরিশোধ হচ্ছিল। পাশাপাশি ছোট দুই ভাই ও এক বোনের পড়াশোনার খরচ মিটিয়ে সুয়েব নিজেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন।
গতকাল শনিবার সুয়েবের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের কান্না থামেনি। সুমিনুর বেগম বাড়ির আঙিনায় বসে সুয়েবের ছবি আর শার্ট নিয়ে অঝোরে কাঁদছেন।
সিলাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, ‘সুয়েবের মৃত্যুর খবর শুনে শুক্রবার বিকেলে এলাকাবাসী সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করে। আমরা এ অপরাধের বিচার চাই, হত্যাকারীদের গ্রেপ্তার চাই।’
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) চান মিয়া আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।