সূচিবিভ্রাটে পরীক্ষা দিতে পারলেন না শতাধিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বঘোষিত পরীক্ষাসূচি হঠাৎ করে পাঁচ ঘণ্টা এগিয়ে আনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সম্মান চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শেষ পর্বের পরীক্ষায় অংশ নিতে পারেননি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এসব পরীক্ষার্থী যে দুটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন, সেই কেন্দ্র দুটি সময়সূচি পরিবর্তনের নোটিশ না দেওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে। এতে করে এসব শিক্ষার্থীর জীবন থেকে একটি বছর হারিয়ে যেতে বসেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, রমজান মাসের কারণে পূর্বঘোষিত সময়সূচি বদলে ৭ জুন থেকে পরবর্তী সব পরীক্ষা বেলা দুইটার পরিবর্তে সকাল নয়টায় এগিয়ে আনা হয়। সময়সূচি পরিবর্তনের এ কথা জানিয়ে কেন্দ্র কর্তৃপক্ষকে চিঠি দিলেও বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কেন্দ্র কর্তৃপক্ষ এ সম্পর্কে কোনো নোটিশ দেয়নি। পরীক্ষার্থীদের কিছু অবগতও করেনি। ফলে ৭ ও ৯ জুন সকালের পরীক্ষায় অংশ নিতে পারেননি তাঁরা। বেলা দুইটায় পরীক্ষা দিতে এসে তাঁরা জানতে পারেন পরীক্ষা হয়ে গেছে।
কলেজ প্রশাসন ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি আজিজুল হক কলেজের সম্মান চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শেষ পর্বের পরীক্ষার্থীরা এবার সরকারি শাহ সুলতান কলেজ ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।
আজিজুল হক কলেজের স্নাতকোত্তর শেষ পর্বের পরীক্ষার্থী জেসমিন আকতার বলেন, তিনি স্নাতকোত্তর প্রথম পর্বে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার মতো নম্বর পেয়েছেন। এবার তিনি শেষ পর্বের পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষার সময়সূচি বদলানোর কারণে তাঁর একটি পরীক্ষা দেওয়া হল না।
স্নাতকোত্তর শেষ পর্বের ২৫ থেকে ৩০ জন ভুক্তভোগী শিক্ষার্থী শঙ্কা প্রকাশ করে বলেন, এ বছরই ছিল শেষবারের মতো শ্রেণিভিত্তিক পদ্ধতিতে পরীক্ষা। আগামী বছর থেকে স্নাতকোত্তর পর্যায়ে চালু হবে গ্রেডিং পদ্ধতি। ফলে তাঁদের অকৃতকার্য দেখানো হলে আবার নতুন করে ভর্তি হয়ে গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে।
অর্থনীতি বিষয়ের সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষার্থী তানজিমা রহমান বলেন, নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে এসে তা শেষ হওয়ার খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিবের সঙ্গে দেখা করেন। কিন্তু তিনি বিষয়টি আমলেই নেননি। পরে আজিজুল হক কলেজের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষকে জানানো হয়।
সরকারি আজিজুল হক কলেজের ভূগোল বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী ইসাহাক আলী বলেন, ৭ ও ৯ জুন দুই দিনেই বিভিন্ন বিভাগের সম্মান চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শেষ পর্বের পরীক্ষায় নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে এসে এমন বিপাকে পড়েছেন অনেকেই। এখন কেন্দ্র, কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলেও কেউ পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার ব্যাপারে আশার বাণী শোনাচ্ছেন না। ভূগোল বিভাগের শিক্ষার্থী রোজিনা আকতার বলেন, ‘আমরা যেকোনো মূল্যে পরীক্ষাটা দিতে চাই। নইলে শিক্ষাজীবন থেকে একটি বছর চলে যাবে। এ ক্ষতি সারা জীবন বয়ে বেড়াতে হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, রমজান মাস উপলক্ষে পূর্বনির্ধারিত সময়সূচি বদলে ৭ জুন থেকে বেলা দুইটার পরিবর্তে সকাল নয়টায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়ে স্ব স্ব কেন্দ্রে চিঠি দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এই নোটিশ দেওয়া হয়। ২৫ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এ সময়সূচি বদলের কথা বলা হয়।
আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস্-উল-আলম বলেন, ‘পরিবর্তিত সময়সূচি পরীক্ষার্থীদের নোটিশের মাধ্যমে অবগত করার কথা থাকলেও সরকারি শাহ সুলতান কলেজ ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কেন্দ্র কর্তৃপক্ষ তা করেনি। তাদের ভুলে এখন শিক্ষার্থীদের মাশুল গুনতে হচ্ছে।’
তবে শাহ সুলতান কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব এজাজুল হক দাবি করেন, পরিবর্তিত সময়সূচি শিক্ষার্থীদের জানানোর দায় কেন্দ্র কর্তৃপক্ষের নয়; জাতীয় বিশ্ববিদ্যালয়ের। তিনি বলেন, ‘নোটিশ কেন টানাতে হবে? শিক্ষার্থীরা পরিবর্তিত সূচি জানল কি না, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপার।’