সূত্র খুঁজে পাচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলীর মেয়েকে বিষ মেশানো মিষ্টি খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগের ঘটনায় গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কোনো সূত্র খুঁজে পায়নি পুলিশ। গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন এই কৌঁসুলি।

পুলিশ বলেছে, কী কারণে ও কারা হত্যার চেষ্টা করেছে, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নয়। তবে তদন্ত করে দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওয়াজেদ আলী বলেন, ‘আমার মেয়েকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে আমার স্ত্রী সেলিনা ওয়াজেদ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ তদন্ত করছে। পুলিশ সুপার আমার ব্যক্তিগত নিরাপত্তায় একজন গানম্যান ও বাড়িতে নিরাপত্তার জন্য একজন উপপরিদর্শকের নেতৃত্বে চারজন পুলিশ কনস্টেবল দিয়েছেন।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন পারভেজ বলেন, মামলাটি থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন মণ্ডল তদন্ত করছেন। ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত শুরু হয়েছে। এখনো কোনো ক্লু পাওয়া যায়নি।

ওয়াজেদ আলী প্রথম আলোকে এর আগে বলেছেন, ‘নারায়ণগঞ্জ শহরে আমাদের বাসার (হাজী মঞ্জিল) কাছেই একটি কোচিং সেন্টারে ক্লাস শেষে আমার মেয়ে মাইশা নিচে নামার পর কয়েকজন ব্যক্তি তাকে বলে, সাত খুনের মামলায় তোমার বাবা তো অনেক ভালো কাজ করেছেন। এ জন্য আমরা তোমাকে মিষ্টি খাওয়াতে এসেছি, এই নাও মিষ্টি খাও। মাইশা বাইরে কিছু খায় না জানালে তারা জোর করতে চায়। এতেও মাইশা খাবে না জানালে তারা বলে, তারা আমার পরিচিত। এরপর ওই তিন ব্যক্তি জোর করে বিষজাতীয় কিছু একটা তার মুখে পুরে পালিয়ে যায়।’