সূত্রাপুরে ব্যবসায়ী, পল্লবীতে রিকশা চালক নিহত
পুরান ঢাকার সূত্রাপুরে মাহবুবুর রহমান ওরফে রবিন (২৫) নামে এক ব্যবসায়ী ও পল্লবীতে সোহরাব হোসেন (৪২) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সোহরাব হোসেনের স্ত্রী সাহেরা খাতুনকে আটক করেছে। সূত্রাপুরে ব্যবসায়ীর নিহত হওয়া সম্পর্কে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন মাহবুবুর রহমানকে অচেতন অবস্থায় পুরান ঢাকার নাসির উদ্দিন সরদার লেনের আল-মঈন মাদ্রাসার সামনের সড়ক থেকে উদ্ধার করে। প্রথমে তাঁকে পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন।নিহতের চাচাতো বোন সাহিদা আক্তার প্রথম আলোকে জানান, মাহবুবুর রহমান একজন ব্যবসায়ী। ধোলাইখালে তাঁর ‘রবিন মোটর ওয়াক্স’ নামে একটি যন্ত্রাংশের দোকান রয়েছে। রবিনের সঙ্গে একই এলাকার এক মেয়ের ছোট বেলা থেকে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়ের পরিবার মেনে নেয়নি। এ নিয়ে দুদিন আগে মেয়ের মা মাহবুবুর রহমানদের বাসায় এসে শাসিয়ে যান। ঈদের পরের দিন মেয়ের বাড়িতে মাহবুবুর রহমানকে আটক রাখা হয়। পরে অভিভাবকদের ডেকে আলোচনা করে ছেড়ে দেওয়া হয়। সাহিদা আরও জানান, গত শুক্রবার সন্ধ্যার দিকে দুই-তিনজন যুবক মাহবুবুর রহমানদের বাসায় এসে নতুন গাড়ি দেখানোর কথা বলে তাঁকে ডেকে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর লোকমুখে মাহবুবুর রহমানকে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পাওয়া যায়। তাঁদের ধারণা, মাহবুবুর রহমানকে মেয়ের বাড়ির লোকজন ভাড়াটে লোক দিয়ে মারধর করে সড়কে ফেলে রাখে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাহবুবুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি বলেন, পরিবারের অভিযোগ অনুসারে মাহবুবুর রহমানের প্রেমের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাহবুবুর রহমানের বাসা সূত্রাপুরের নাসির উদ্দিন সরদার লেনে। তাঁর বাবার নাম আবদুল মান্নান।এদিকে রিকশাচালক সোহরাব হোসেনের মৃত্যু সম্পর্কে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সোহরাব হোসেনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁর স্ত্রী পুলিশকে জানান সোহরাব জুয়া খেলায় আসক্ত ছিলেন। গতকাল শনিবার দুপুরে তাঁর কাছে টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। উত্তেজিত হয়ে সোহরাব একপর্যায়ে দেয়ালে মাথা ঠুকে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সোহরাবকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের পর সোহরাবের মৃতদেহ তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর ভরতপাশা গ্রামে নিয়ে যাওয়া হয়।