সূত্রাপুরে মন্দিরে চুরির ঘটনায়ও পুলিশ অন্ধকারে
রাজধানীর অন্যান্য মন্দিরের মতো পুরান ঢাকার সূত্রাপুরের হূষিকেশ দাস রোডের কালী ও শিবমন্দিরে চুরির ঘটনায়ও পুলিশ অন্ধকারে। পুলিশ এখনো বুঝেই উঠতে পারছে না কারা এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। গত মঙ্গলবার মধ্যরাতে ওই মন্দির থেকে সোনা-রুপাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়। সূত্রাপুর থানায় এ ব্যাপারে মামলা হয়েছে।ওদিকে, একের পর এক মন্দিরে চুরির ঘটনা ও তার রহস্য উদ্ঘাটনে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গতকাল বৃহস্পতিবার নগরের মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কারা এর সঙ্গে জড়িত সে ব্যাপারে এখনো কিছু বোঝা যাচ্ছে না। মন্দির কমিটির সঙ্গে এ নিয়ে পুলিশ কর্মকর্তারা বৈঠক করেছেন বলে তিনি জানান। জানতে চাইলে ওয়ারী অঞ্চলের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, পুলিশ চেষ্টা করছে। আশা করা যায় খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে। মন্দিরের চুরির ঘটনা নিয়ে এর আগে পুলিশ বলেছে, এটি সংঘবদ্ধ চক্রের কাজ। এরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের মন্দিরে চুরি করছে। সব চুরির ঘটনার ধরনও প্রায় একই রকম। তবে এদের এখনো চিহ্নিত করা যায়নি।গত ৯ জানুয়ারি রাজধানীর লালবাগে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও সাড়ে চার লাখ টাকা চুরি হয়। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও কারা এর সঙ্গে জড়িত তা পুলিশ বের করতে পারেনি।