সূর্য ওঠার আগে বিকিকিনি শেষ
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে গত কয়েক বছরে গড়ে উঠেছে ৪০টি মাছের আড়ত। দেশের প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে পার্বত্য এলাকার অনেক বাজার এখানকার মাছের আড়তের ওপর নির্ভরশীল। ব্যবসায়ীরা জানান, ভোর সাড়ে চারটা থেকে শুরু হয়ে সকাল সাতটার আগেই শেষ হয়ে যায় মাছের আড়তের শোরগোল। এই সময়ের মধ্যে লেনদেন হয় কমপক্ষে অর্ধকোটি টাকা। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাসহ বিভিন্ন স্থান থেকে আসা মাছ নানা স্থানে চলে যায় মুহূর্তের মধ্যেই। মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের মাছের আড়তে বিকিকিনি চলে প্রতিদিন এই সময়ে। আল্লাহর দান ফিশিংয়ের পরিচালক অভিজিৎ রায় বলেন, গোপালগঞ্জ, সাতক্ষীরা, বাগেরহাট, ফকিরহাট, ফলতিতা, কেশবপুর, খুলনা, পয়লাহাট, বৃহত্তর কুমিল্লা, ময়মনসিংহ, মিরসরাইয়ের মুহুরী প্রকল্প থেকে সর্বাধিক মাছ আসে বারইয়ারহাটের আড়তে। আড়তদারেরা নিলামের মাধ্যমে মাছ ক্রয় করেন। প্রতিদিন কমপক্ষে ২০০ থেকে ২৫০ জন বিক্রেতার সমাগম ঘটে এই আড়তে। সততা ফিশিংয়ের পরিচালক মো. জানে আলম অভিযোগ করেন, মণপ্রতি ১৫ টাকা হারে পৌরকর প্রদান করতে হয়। অথচ নতুন বাজারের কোনো রাস্তা নেই। ব্যক্তি মালিকানাধীন রাস্তা ব্যবহার করতে হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা খারাপ, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী নেই। বারইয়ারহাট পৌরসভার মেয়র আবু তাহের বলেন, আড়তের রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আরও কয়েকটি দোকানঘর তৈরি করা হবে। তিনি বলেন, কাজের শেষ নেই। এরপর আরও যদি কোনো সমস্যা থাকে, তারা লিখিতভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্বীকার করেন, বারইয়ারহাটের আড়তের মাছ চট্টগ্রামের একটি বড় অংশের চাহিদা পূরণ করছে।