সূর্য যেদিকে যাবে এরশাদ সেদিকে হেলবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ

ভবিষ্যতের ভাবনা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের ভেতর আওয়ামী লীগ ও বিএনপিপন্থী দুটি অংশকেই তুষ্ট রাখার চেষ্টা করছেন। জাতীয় পার্টির একাধিক প্রভাবশালী সদস্য প্রথম আলো ডটকমকে বলেছেন, এরশাদ হলেন সূর্যমুখী ফুলের মতো। সূর্য যেদিকে যাবে এরশাদ সেদিকে হেলবেন।
তবে এরশাদের রাজনৈতিক মুখপাত্র কাজী ফিরোজ রশিদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন ও এস এম আলম বলেছেন, পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, তার বাইরে তাঁদের আর কিছু বলার নেই।
দলের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, বিএনপি নির্বাচনে এলে জাতীয় পার্টি আবারও হিসাব-নিকাশ বদলাতে পারে। এরশাদ জানেন, বিএনপি নির্বাচনে এলে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির সঙ্গে জোট বাধা শ্রেয়। সে কারণে তিনি বিএনপিপন্থী অংশটিকে চটাতে চাইছেন না। নেতা-কর্মীদের তিনি জানিয়েছেন, ৩০ তারিখের মধ্যে দেশ কোন দিকে যাচ্ছে তা বোঝা যাবে।
এরশাদ যেদিন মহাজোট ছেড়ে নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়ার ঘোষণা দিলেন, সেদিন থেকে জাতীয় পার্টিতে ভাঙনের কথা শোনা যাচ্ছিল। গতকাল শনিবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী জাফর আহমদ এরশাদের বিরুদ্ধে বিবৃতি দেওয়ায় সেই সন্দেহ আরও বাড়ে। ধারণা করা হচ্ছিল, কাজী জাফরকে বহিষ্কার করা হবে। কয়েকটি সংবাদমাধ্যমে এ ধরনের খবরও প্রচার করা হচ্ছিল। কিন্তু ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এরশাদ বলেছেন, কাজী জাফর তাঁর ‘ফ্যামিলি মেম্বার’। ওই বিবৃতি তিনি দিতে পারেন এরশাদ তা বিশ্বাস করেন না। একজন প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘এরশাদকে যে যা-ই মনে করুক, তিনি একজন ভালো খেলোয়াড়। তিনি মাত্র ২০ শতাংশ খেলা খেলেছেন, ৮০ শতাংশ খেলা এখনো বাকি আছে। আমি অবাক হব না এরশাদ যদি নির্বাচনকালীন সরকারে তাঁর সাত সদস্যকে রেখে, কাজী জাফরের সঙ্গে জোট করেন। গতকালও তিনি এই সরকারকে জালেম সরকার বলেছেন, যে সরকারে তাঁর নিজের দলের সাতজন আছেন।’ অপর এক প্রেসিডিয়াম সদস্য বলেন, এরশাদ তির্যক ভাষায় সরকারের সমালোচনা করেছেন। তিনি আওয়ামী লীগের ওপর চাপ সৃষ্টি করে সাতজন মন্ত্রী পেয়েছেন। জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্যসংখ্যার তুলনায় নির্বাচনকালীন সরকারে প্রতিনিধিত্ব অনেক বেশি।

জানা গেছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নেতা-কর্মীদের একটি বড় অংশ বছর খানেক ধরে জাতীয় পার্টিকে মহাজোট ছাড়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এ অংশটির নেতৃত্বে ছিলেন কাজী জাফর আহমদ। এরশাদ নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়ার পর কাজী জাফর অনুগত নেতা-কর্মীদের ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুযোগ করে দেবেন বলে টোপ দেন। কিন্তু নির্বাচনে বিএনপি না আসার সম্ভাবনা তৈরি হওয়ায় বিএনপিপন্থী অংশটি আপাতত নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়া নিয়ে এরশাদের সিদ্ধান্তের প্রতিবাদ করছেন না। একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো ডটকমকে বলেন, ‘সুযোগ সন্ধানী লোকজনে দল ভর্তি। তাঁরা আন্দোলনে যাওয়ার চেয়ে সস্তায় সাংসদ হতে বেশি আগ্রহী।’ এ ছাড়া কাজী জাফর আহমদ দল ভেঙে নতুন দল গঠন করলে এ অবস্থায় সেটি কতটা স্থায়িত্ব পাবে তা নিয়েও দলের মধ্যে সন্দেহ আছে। তাঁরা বলছেন, এর আগে দুবার দল ভেঙেছে। কিন্তু জাতীয় পার্টি আদতে এরশাদের দল। অন্য অংশগুলো সেভাবে দাঁড়াতে পারেনি। কিন্তু বিএনপিপন্থী অংশটি প্রকাশ্যে কাজী জাফরের পক্ষে অবস্থান না নিলেও, তাঁকে হাতে রাখার যৌক্তিকতা বুঝিয়েছেন এরশাদকে। এরশাদও সেভাবে এগোচ্ছেন। জানা গেছে, কাজী জাফর আহমদ গতকাল বিবৃতি পাঠানোর ঘণ্টা দুয়েক পর দলের জ্যেষ্ঠ নেতারা এরশাদের সঙ্গে বৈঠক করেন। তাঁরা এরশাদকে বোঝান, বিবৃতি দিয়ে কাজী জাফর আহমদ নিজেই দল থেকে অনেকটা সরে গেছেন। তাঁকে নতুন করে নোটিশ জারি করা বা বহিষ্কার করার প্রয়োজন নেই। এরশাদ আজ সকাল সাড়ে ১০টার দিকে কাজী জাফর আহমদের সঙ্গে দেখা করেন। এর আগে ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন কাজী জাফর আহমদ এরশাদের সঙ্গে দেখা না করলেও, আজ আলাপ-আলোচনা করেছেন। এরপরই এরশাদ সাংবাদিকদের বলেন, কাজী জাফর আহমদ তাঁর ফ্যামিলি মেম্বার।

জাতীয় পার্টিতে নীতিনির্ধারণী ভূমিকা রাখেন এমন একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। 

এ দিকে আওয়ামী লীগপন্থী অংশটি বলছে দলে কাজী জাফর আহমদের চিঠির কোনো প্রভাব নেই। জাতীয় পার্টির একজন সাংসদ ও প্রেসিডিয়াম সদস্য ব্যঙ্গ করে বলেন, ‘কাজী জাফর আহমদ হলেন ফিলিস্তিনি নেতাদের মতো, যাঁর নিজেরই কোনো ভূখণ্ড নেই। তাঁর কথায় ভরসা রাখি কী করে।’