সূর্য সেন স্মারক বিতর্কে চ্যাম্পিয়ন এফ রহমান হল ডিবেটিং ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ম সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবের ফাইনালের শ্রেষ্ঠ দল স্যার এফ রহমান হল ডিবেটিং ক্লাবের বিতার্কিকেরা। ছবি: সংগৃহীত
১০ম সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবের ফাইনালের শ্রেষ্ঠ দল স্যার এফ রহমান হল ডিবেটিং ক্লাবের বিতার্কিকেরা। ছবি: সংগৃহীত

‘বিপ্লবে দ্রোহে কাটুক অমানিশা’ স্লোগান সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের বিতর্ক সংগঠন সূর্য সেন বিতর্ক ধারার আয়োজনে ১০ম সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে স্যার এফ রহমান হল ডিবেটিং ক্লাব। বিশ্ববিদ্যালয়ে পর্যায়ের ফাইনালে রানার আপ বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের বিতর্ক সংগঠন হাউস অব ডিবেটরস। 

এ ছাড়া প্রাক্‌-বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্লেট পর্বে চ্যাম্পিয়ন বি এ এফ শাহিন কলেজ এবং রানারআপ আইডিয়াল কলেজ। কাপ পর্বে চ্যাম্পিয়ন হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও রানারআপ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজ।

চার দিনব্যাপী চলা এ উৎসবের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার রাতে সূর্য সেন হলের খোলা প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হল প্রাধ্যক্ষ ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

এক মঞ্চে সূর্য সেন বিতর্ক ধারার আয়োজনে ১০ম সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবের তিনটি ফাইনালে অংশ নেওয়া বিতার্কিকেরা। ছবি: সংগৃহীত
এক মঞ্চে সূর্য সেন বিতর্ক ধারার আয়োজনে ১০ম সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবের তিনটি ফাইনালে অংশ নেওয়া বিতার্কিকেরা। ছবি: সংগৃহীত

বিতর্ক উৎসবে প্রাক্‌-বিশ্ববিদ্যালয় (স্কুল-কলেজ) পর্যায়ে ১৬টি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করে।

সূর্য সেন হলের সাবেক আবাসিক ছাত্র বর্তমানে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে বলেন, ‘এ হলের ৪২০ ও ৫২৮ নম্বর কক্ষে থাকতাম। আমাদের সময় হলের আবাসিক শিক্ষকেরাও শিক্ষার্থীমুখী ছিলেন। সে সময় রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খল পরিবেশ ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ মাইকে বাজানো যেত না। কিন্তু এখন সত্যের বিকাশ ঘটেছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ে শান্তির পরিবেশ বিরাজ করছে।’ এ সময় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের কথা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তি ও মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে বেড়ে ওঠা মানুষ। তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ পড়লেই বোঝা যায় তিনি ভিন্নমতের মানুষদের ধারণ করতে পেরেছিলেন। বিতর্কচর্চার মাধ্যমে আজকের ছাত্রনেতাদের বঙ্গবন্ধুর সেই গুণ ধারণ করার পরামর্শ দেন উপাচার্য।

বিতর্ক ধারার সভাপতি রাকিবুল ইকবাল জিসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়সাল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিতর্ক ধারার মডারেটর ও সূর্য সেন হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ আবদুল মোমেন মিল্টন, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সভাপতি সৈয়দ আশিক, ডিইউডিএসের সভাপতি আবদুল্লাহ বিন মুন্সী প্রমুখ।