সূর্য সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা
ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা মাস্টারদা সূর্য সেনের ৮২তম ফাঁসি দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক ফাঁসির মঞ্চের পাশে সূর্য সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ কারা কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহাবুবুল ইসলাম, কারা হাসপাতালের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান, উপকারাধ্যক্ষ জাহেদুল আলম, মনির হোসেন, আবদুস সেলিম প্রমুখ।
১৯৩৪ সালের ১২ জানুয়ারি মাস্টারদা সূর্য সেনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে তৎকালীন ব্রিটিশ সরকার।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম বলেন, মাস্টারদা সূর্য সেনের ৮২তম ফাঁসি দিবস উপলক্ষে কারাগারের ঐতিহাসিক ফাঁসির মঞ্চের পাশে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। জেলা প্রশাসন ও কারা কর্মকর্তারা ছাড়াও বন্দীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।