সূর্যকে শুক্র গ্রহের বিরল ট্রানজিটের সাক্ষী হলো বাংলাদেশের মানুষও
শুক্র গ্রহের সূর্যকে ট্রানজিটের (অতিক্রমণ) বিরল দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশসহ সারা পৃথিবীর মানুষ। শুক্রের শতাব্দীর শেষ ট্রানজিট পর্যবেক্ষণ করেছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ। সূর্যোদয়ের পর থেকেই খোলা মাঠ ও পার্কে মানুষের ভিড় জমে। এ নিয়ে সবার মধ্যে ছিল ব্যাপক কৌতূহল। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটি রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করে। সংগঠনের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা জানান, সকাল ১০টা ২৮ মিনিটে শুক্র গ্রহের অতিক্রমণের তৃতীয় স্পর্শ এবং ১০টা ৪৮ মিনিটে চতুর্থ স্পর্শ দেখা গেছে। মেঘলা আকাশের কারণে রাজধানী থেকে প্রথম ও দ্বিতীয় স্পর্শ দেখা যায়নি।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞপ্তিতে জানায়, তারা আগারগাঁঁওয়ে সোলার ফিল্টার ও প্রতিসরক টেলিস্কোপের মাধ্যমে মহাজাগতিক এই বিরল দৃশ্য দেখার ব্যবস্থা রেখেছিল ভোর ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত। সেখানে জোতির্বিজ্ঞানবিষয়ক আলোচনা, পোস্টার ও বই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ ছাড়া সিলেট, চাঁদপুর, ঠাকুরগাঁও, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।সূর্যের সামনে দিয়ে নির্দিষ্ট সময় পরপর শুক্র গ্রহ তার কক্ষপথ পরিভ্রমণ করে। এই পরিভ্রমণকালে পৃথিবী, শুক্র ও সূর্য এক সরলরেখায় চলে এলেই শুক্রের অতিক্রমণ ঘটে।