সূর্যদি গণহত্যার অভিযোগ কামারুজ্জামানের বিরুদ্ধে
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মো. কামারুজ্জামান ময়মন-সিংহ জেলায় আলবদরের প্রধান সংগঠক ছিলেন। তাঁর বিরুদ্ধে সূর্যদি গণহত্যা ও নকলায় মুক্তিযোদ্ধা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে গতকাল আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ এ দাবি করে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য দিন থাকায় সকালে কামারুজ্জামানকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।রাষ্ট্রপক্ষ বলে, একাত্তরে কামারুজ্জামান শেরপুরের সুরেন্দ্রমোহন সাহার বাড়িতে আলবদর ক্যাম্প গড়ে তোলেন। ২৩ আগস্ট মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তালুকদার শেরপুরের কলেজ রোডে একটি দোকান থেকে ব্যাটারি কিনতে গেলে আলবদর বাহিনী তাঁকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। কামারুজ্জামানের নির্দেশে আলবদররা তাঁকে গুলি চালিয়ে হত্যা করে। ‘আলবদর: এ কিলিং স্কোয়াড অব পাকিস্তানি আর্মি’ শীর্ষক প্রামাণ্যচিত্রে এ বিষয়ে তথ্য-প্রমাণ আছে।অভিযোগে আরও বলা হয়, আলবদর সদস্যরা সুরেন্দ্রমোহন সাহার বাড়িতে গড়ে তোলা ক্যাম্পে প্রায়ই নারী-পুরুষদের ধরে নিয়ে নির্যাতন করত। একাত্তরের মে মাসের মাঝামাঝি সময়ে সৈয়দ আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে আলবদর সদস্যরা চাবুক মেরে ও গায়ে-মুখে চুনকালি মাখিয়ে শেরপুর শহর প্রদক্ষিণ করায়। ২২ আগস্ট জিয়াউল হককে আলবদররা ক্যাম্পে নিয়ে নির্যাতন করে। দুদিন পরে তাঁকে শেরপুর থেকে চলে যাওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়। এসব ঘটনার সঙ্গে কামারুজ্জামান জড়িত ছিলেন। তাঁর উপস্থিতিতে ও নির্দেশে শেরপুরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এ সময় বলা হয়, ১৯৭১ সালের এপ্রিলে ময়মনসিংহ জেলা ইসলামী ছাত্রসংঘের সভাপতি মো. আশরাফ হোসাইনের নেতৃত্বে জামালপুরে আলবদর বাহিনী গঠিত হয়। কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ, কৌঁসুলি সাইফুল ইসলাম, নূরজাহান মুক্তা ও সুলতান মাহমুদ। তাঁরা কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে বিভিন্ন সাক্ষীর নাম, সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ, প্রামাণ্যচিত্র ও নথিপত্রের উল্লেখ করেন। আনুষ্ঠানিক অভিযোগের ৮৪ পৃষ্ঠা পর্যন্ত পড়া হলে ট্রাইব্যুনাল কার্যক্রম মুলতবি করেন। আজ সোমবার অভিযোগের বাকি অংশ উপস্থাপন হবে।