ধান আর সবজি চাষের সঙ্গে উত্তরাধিকারসূত্রেই পরিচয়। ইউটিউবে সূর্যমুখীর চাষ এবং সূর্যমুখী তেলের উপকারিতা দেখে উদ্বুদ্ধ হয়ে এলাকায় নতুন শস্য চাষের সূচনা করেছেন মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের নলদারিয়া গ্রামের রানু দেবনাথ ও তাঁর পরিবার।
রানু দেবনাথের খেতে সরেজমিনে দেখা গেছে, প্রতিটি সূর্যমুখী গাছে মৌচাকের মতো বিশাল একেকটি গোল ফুল হলুদ রঙের নজরকাড়া রূপ ছড়িয়ে দিচ্ছে। সূর্যের মুখোমুখি প্রতিটি ফুল ফলভারে কিছুটা নুয়ে আছে। খেতজুড়ে হলুদ আর সবুজের মাখামাখি। পাশেই ভুট্টাখেত। তাতেও নরম সবুজের প্রতিটি ভুট্টাগাছের মাথায় কাশফুলের মতো ছড়ানো খয়েরি রঙের ফুল। প্রতিটি গাছেই ভুট্টা ধরেছে। ক্রমশ পুরুষ্ট হয়ে উঠছে ভুট্টার দানা। ভুট্টা আর সূর্যমুখীর দুটি খেতই এলাকায় নতুন আলো ছড়াচ্ছে।
রানু দেবনাথ পেশায় ব্যবসায়ী হলেও কৃষির সঙ্গে তাঁদের পারিবারিক সংযোগ নিবিড়। রানু দেবনাথ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা সূর্যমুখী বা ভুট্টা চাষের বিষয়ে কিছুই জানতাম না। একদিন ইন্টারনেটে ইউটিউবে সূর্যমুখী চাষ এবং তেলের উপকারিতা দেখে আগ্রহী হয়ে উঠি। ভুট্টার তেল কোলেস্টেরলমুক্ত। এটা জেনে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করি। তাদের পরামর্শে বীজ কিনে চাষে লেগে যাই। এখন একেকটি সূর্যমুখীর ফুলের ওজন এক কেজি থেকে দেড় কেজি। সূর্যমুখীর চাষ এই এলাকায় প্রথম।’ এই ভুট্টা ও সূর্যমুখী চাষে তাঁদের এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। তাঁরা ছয় ভাই মিলেই চাষাবাদ করেছেন। তাঁদের এক বিঘা জমিতে সূর্যমুখীর বীজ লেগেছে ৮০০ গ্রাম এবং এক বিঘা জমিতে ভুট্টার বীজ লেগেছে দেড় কেজি। গত নভেম্বরের ১৫ তারিখে বীজ লাগানো হয়েছে। মার্চের ১৫ তারিখের মধ্যে ফসল তুলতে পারবেন বলে আশা করছেন। প্রথমত, এই সূর্যমুখীর তেল নিজেরা ব্যবহার করবেন। বাড়তিটা বিক্রি করবেন। এতে তাঁদের লক্ষাধিক টাকা লাভ হবে বলে ধারণা করছেন।
এই দুটি খেতের পাশেই কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজন করা হয়েছিল মাঠ দিবসের। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মো. শাহজাহান। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, কনকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী প্রমুখ।
সূর্যমুখী ও ভুট্টাখেত ঘুরে দেখার সময় জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জেলা কৃষি কোর কমিটি আছে। আমরা চাইছি অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসতে। গতানুগতিক চাষের বাইরে কম খরচে যাতে বেশি লাভ হয়, সে রকম চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে। সূর্যমুখীর চাহিদা আছে। এখন সাধারণ মিলেও এগুলো প্রক্রিয়াজাত করা যায়। প্রথমে স্থানীয় চাহিদা পূরণ করা হবে। উদ্বৃত্ত হলে পরে তা জেলার বাইরেও বিক্রি করতে পারবেন কৃষকেরা।’
ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী বলেন, ‘এ বছর আমি সরিষার চাষ করেছি। সূর্যমুখী চাষের বিষয়টি জানতাম না। আগামী বছর থেকে আমিও সূর্যমুখীর চাষ করব। অনেকেই আগ্রহ দেখিয়েছেন এ নতুন চাষে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় ১৫০ বিঘা জমিতে সূর্যমুখী এবং ২০০ বিঘা জমিতে ভুট্টার চাষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মো. শাহজাহান বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘কৃষকদের কাছে এটি সম্পূর্ণ নতুন ফসল। আমরা এই ফসলে কৃষকদের উদ্বুদ্ধ করছি। এটা কোলেস্টেরলমুক্ত। অন্য তেলের মতো ক্ষতিকর না। ঢাকা, বরিশালসহ বিভিন্ন স্থানে সূর্যমুখীর তেলের এখন অনেক চাহিদা। এখানেও আস্তে আস্তে চাহিদা তৈরি হবে। সূর্যমুখী ও ভুট্টা বাড়তি হলে বাজার চেইন আমরা সৃষ্টি করে দিব। ফসল বিক্রি করতে তখন অসুবিধা হবে না। কৃষক এক বিঘা জমিতে লক্ষ টাকা আয় করতে পারবে। ধান চাষে এটা পাবে না।’