সূর্যের আলোয় চাষ
বছরের পর বছর গ্রাম দুটির কৃষকেরা শুধু আমন চাষ করে এসেছেন। সেচের অভাবে বোরো চাষ করা হয়ে ওঠেনি তাঁদের। এবার গ্রামের চিত্র ভিন্ন। শুষ্ক ও রুক্ষ মাটিতে সবুজ ধানের শিষ বাতাসে দোল খায়, দোলা লাগে কিষান-কিষানির মনেও। এ দৃশ্য পঞ্চগড়ের বোদা উপজেলার ঠাকুরপাড়া ও শিকারপুর গ্রামের। এখানকার ৮১ জন কৃষক সৌরবিদ্যুতের সাহায্যে সেচ দিয়ে প্রথমবারের মতো বোরো চাষ করেছেন।সৌরবিদ্যুতের সাহায্যে সেচব্যবস্থা প্রবর্তন করে পঞ্চগড়ের করতোয়া নদীর দুই তীরের গ্রাম দুটির কৃষকেরা জেলার কৃষিক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছেন। যাকে এলাকার লোকজন আখ্যায়িত করছেন ‘সবুজ বিপ্লব’ নামে।কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বোদা উপজেলার গ্রাম দুটির মানুষ যুগ যুগ ধরে তাঁদের জমিতে একটিমাত্র ফসল উৎপাদন করে আসছেন। আমন ফসল ওঠার পর সেচের অভাবে বছরের প্রায় সাত মাস এসব জমি অনাবাদি থাকত। কিন্তু এবার কৃষকেরা সৌরবিদ্যুতের সাহায্যে সেচ দিয়ে ৩০০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। এতে একফসলি জমি বহুফসলি জমিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা দেখছেন স্থানীয় কৃষকেরা।কম মূল্যে সেচ দেওয়া, বছরে কমপক্ষে তিনটি ফসল উৎপাদন, চলমান বিদ্যুৎসংকট সমাধানে সহযোগিতা এবং কার্বন নিঃসরণহীন শক্তি উৎপাদন করে জলবায়ুর পরিবর্তন রুখতে সহায়তার লক্ষ্য নিয়ে গত জানুয়ারি মাস থেকে গ্রাম দুটিতে সৌরবিদ্যুতে চালিত সেচ ও কৃষি বহুমুখীকরণ প্রকল্পটি চালু করা হয়। উদ্যোক্তারা জানান, এই প্রকল্প থেকে এলাকার কৃষকদের তিন হাজার টাকায় এক বিঘা জমিতে বোরো চাষে এবং পাঁচ হাজার ২০০ টাকায় এক বিঘা জমিতে সারা বছর সেচসুবিধা পাবেন।শিকারপুর গ্রামের কৃষক সফিউল বলেন, ‘লোডশেডিং, ডিজেল, ঋণসংকটসহ নানা কারণে বোরো চাষের সমস্যা সমাধানে সৌরবিদ্যুৎ আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।’ কৃষক মফিজুল ইসলাম বলেন, ‘কারেন (বিদ্যুৎ) ও ডিজেলের ঝামেলা নাই। সূর্যের আলো হলেই চলে।’ বোরোচাষি তরিকুল ইসলাম বলেন, এক একর জমিতে সেচ বাবদ খরচ হয় ১২ হাজার ২৫০ টাকা। সেখানে সৌরবিদ্যুতে খরচ পড়ে নয় হাজার টাকা।বেসরকারি সংস্থা সারভাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসডব্লিউএফ) নামের একটি সংস্থা ৬৮ লাখ টাকা ব্যয়ে গ্রাম দুটিতে স্থাপন করেছে সৌরবিদ্যুৎ সেচপ্রকল্প। বেসরকারি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অর্থায়নে এসডব্লিউএফ প্রকল্পটি বাস্তবায়ন করছে। স্প্যানিশ কোম্পানি ‘সানকো’র সহযোগিতায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলীরা এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছেন।সানকোর বিপণন কর্মকর্তা রাজিব ইসলাম বলেন, শিকারপুর প্ল্যান্টে ৪২টি সৌর প্যানেল ব্যবহার করা হয়েছে। এসব প্যানেল সরাসরি সূর্য থেকে তাপ শোষণ করে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়। সৌরবিদ্যুতের এই প্যানেলে কোনো ব্যাটারি ব্যবহার করা হয়নি। দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ এই প্ল্যান্ট সচল থাকবে। এতে ঘণ্টায় ৫০ হাজার লিটার পানি তোলা যায়। এসডব্লিউএফের নির্বাহী পরিচালক মো. আবদুল কাইউম আজাদ বলেন, বিদ্যুতের ঘাটতি ও পরিবেশগত দিক বিবেচনায় সারা দেশেই এই প্রকল্প একটি দৃষ্টান্ত হতে পারে।