সূর্যের ওপর শুক্রের ট্রানজিট কাল
সূর্যের ওপর শুক্র গ্রহের ছায়ার ট্রানজিট ঘটবে কাল বুধবার। বাংলাদেশ সময় ভোররাত চারটা নয় মিনিট ৪০ সেকেন্ডে শুক্র গ্রহের ছায়া সূর্যের উত্তর-পূর্ব প্রান্তের বহির্ভাগ স্পর্শ করবে। ভোর চারটা ২৭ মিনিট ২৫ সেকেন্ডে শুক্র গ্রহের ছায়া সূর্যের উত্তর-পূর্ব প্রান্তের অন্তর্ভাগে প্রবেশ করবে।সকাল সাতটা ২৯ মিনিট ৩৭ সেকেন্ডে শুক্র গ্রহের ছায়া সূর্যের উত্তরাংশের মধ্যভাগে অবস্থান করবে। সকাল ১০টা ৩১ মিনিট ৪৫ সেকেন্ডে গ্রহের ছায়া সূর্যের উত্তর-পশ্চিমাংশের অন্তর্ভাগ স্পর্শ করবে। স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিট ২৬ সেকেন্ডে গ্রহের ছায়া সূর্যের উত্তর-পশ্চিমাংশের বহির্ভাগ স্পর্শ করবে। শুক্র গ্রহের ছায়া যখন সূর্যের উত্তরাংশের মধ্যভাগে অবস্থান করবে, তখন এর ছায়া ও সূর্যের মধ্যকার ন্যূনতম কৌণিক দূরত্ব হবে নয় মিনিট ১৪ সেকেন্ড।দেশের সব শ্রেণীর মানুষকে নিয়ে নিরাপদে ব্যাপক মাত্রায় পর্যবেক্ষণের উদ্দেশ্যে দেশের অন্যতম বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের উদ্যোগে ঢাকার কেন্দ্রীয় পর্যবেক্ষণ শিবির হবে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে। পর্যবেক্ষণের জন্য ক্যাম্পে থাকবে করনাডো সোলারস্কোপ, আট ইঞ্চি স্মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ ও নিরাপদ সোলার ফিল্টার। বাসস।