প্রায় দুদিন পর চট্টগ্রাম নগরে রোদের দেখা মিলেছে। বৃষ্টি বাদলের একটি দিন শেষে গতকাল রোববার দুপুরে সূর্য উঁকি দিয়েছে। আবাহওয়া অফিসও সতর্কসংকেত তুলে নিয়েছে। গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেমে থেমে গতকাল দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, শনিবার বেলা ৩টা থেকে গতকাল বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দুপুরের পর থেকে মেঘের সঙ্গে সূর্যের লুকোচুরি খেলা চলছিল। প্রায় দুই দিনের বৃষ্টিতে পথে কাদা জমে থাকায় পথচারীদের কিছুটা বিড়ম্বনা পোহাতে হয়েছে। তবে ধুলোর অত্যাচার থেকে রক্ষা পাওয়ায় স্বস্তিও ছিল। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সহকারী আবহাওয়াবিদ মুশফিকুর রহমান বলেন, উত্তর বঙ্গোপসাগর কিংবা সংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে আর ঝোড়ো হাওয়ার আশঙ্কা নেই। তাই সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম