সৃজনশীল অর্থনীতিতে বঙ্গবন্ধু পুরস্কার দেবে ইউনেসকো: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ছবি: প্রথম আলো

জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা ইউনেসকো বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার চালুর সিদ্ধান্ত নিয়েছে। ইউনেসকোর নির্বাহী পরিষদের শরৎকালীন অধিবেশনে গত শুক্রবার ‘ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’ প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

ইউনেসকোর এ সিদ্ধান্তের মধ্য দিয়ে জাতিসংঘের কোনো সংস্থা এই প্রথম বঙ্গবন্ধুর নামে পুরস্কার চালু করল।

আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ‌তাঁর দপ্তরে গণমাধ্যমকে বলেন, ইউনেসকো শিক্ষা, সংস্কৃতি বিজ্ঞান, প্রযুক্তিসহ স্বীয় ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সদস্যদেশগুলোর আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করে থাকে। এখন পর্যন্ত ইউনেসকো ২৩টি পুরস্কার চালু করেছে। এই প্রথম ইউনেসকো বাংলাদেশের কোনো প্রথিতযশা সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তির নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করল। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‌উদ্‌যাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনদর্শনের আন্তর্জাতিকীকরণে ইউনেসকোর আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন উপযোগী হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৯ সালের আগস্টে ইউনেসকোর মহাপরিচালকের কাছে প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন বঙ্গবন্ধু পুরস্কার চালুর প্রস্তাব দেন। ইউনেসকো নির্বাহী পরিষদের ২১০তম সভায় ওই প্রস্তাব পাস হয়।

এক প্রশ্নের উত্তরে এ কে আব্দুল মোমেন বলেন, ২০২১ সাল থেকে প্রতি দুই বছর পরপর এ পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের আর্থিক পরিমাণ ৫০ হাজার ডলার।