সৃজনশীল উপায়ে সেবা দিতে আমলাদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্ভাবনী বা সৃজনশীল উপায়ে জনগণকে আরও সহজে সরকারি সেবা দেওয়ার লক্ষ্যে জনপ্রশাসনের সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের চার দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) উদ্যোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক অরিট ডে জং এবং লিন্ডে কাবোলিয়ান এসব কর্মকর্তাকে প্রশিক্ষণ দেন।

গতকাল বুধবার শেষ দিনে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের ৫০ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ। প্রশিক্ষণ শেষে দুই প্রশিক্ষক সাংবাদিকদের বলেন, উদ্ভাবনী উপায়ে সহজেই জনগণকে সেবা দেওয়া সম্ভব। এ জন্য তাঁরা গুণগত শিক্ষার ওপর জোর দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জিআইইউর মহাপরিচালক আবদুল হালিম, পরিচালক মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, নাহিদ রশিদ প্রমুখ। গতকাল প্রশিক্ষণ নিতে আসা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, এটা খুবই চমৎকার একটি পরিকল্পনা। সঠিকভাবে কাজ করা গেলে মানুষকে খুব সহজেই সেবা দেওয়া সম্ভব। আয়োজকেরা জানান, এর আগে ১৯ থেকে ২১ মে পর্যন্ত সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী সচিব থেকে উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।