সৃজনশীল কাজকে গুরুত্ব দিতে হবে -মুস্তফা মনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবিধাবঞ্চিত শিশুদের তোলা আলোকচিত্র নিয়ে রাজধানীর দৃক গ্যালারিতে গতকাল শুরু হয়েছে প্রদর্শনী। ছবি দেখছেন অতিথি ও শিশুরা l ছবি: প্রথম আলো
সুবিধাবঞ্চিত শিশুদের তোলা আলোকচিত্র নিয়ে রাজধানীর দৃক গ্যালারিতে গতকাল শুরু হয়েছে প্রদর্শনী। ছবি দেখছেন অতিথি ও শিশুরা l ছবি: প্রথম আলো

আমাদের দেশে অভিভাবকেরা বাচ্চাদের বলেন, আগে ভালো করে পড়াশোনা করবে, অঙ্কে প্রথম হবে, পরে সময় থাকলে সৃজনশীল কাজ করবে। কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে সৃজনশীল কাজ না করে বরং সৃজনশীল কাজের পাশাপাশি পড়াশোনা করলে জীবনে ভালো ফল পাওয়া যায়।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে শিশুদের তোলা আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পী মুস্তফা মনোয়ার এ কথা বলেন। উৎস বাংলাদেশ এবং ইনোভাব্রিজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উৎস বিদ্যানিকেতনে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত শিশুদের তোলা ছবি নিয়ে এ আয়োজন করা হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের তোলা আলোকচিত্র প্রদর্শনীর প্রশংসা করে মুস্তফা মনোয়ার বলেন, ‘পৃথিবীর লাখ লাখ ক্যামেরা আছে যেখান থেকে যান্ত্রিক কারণে শুধু আলো বেরিয়ে আসে, কিন্তু এদের মধ্যে কিছু আছে, যেখান থেকে ছবিও বেরিয়ে আসে। আজকের এই বাচ্চাদের কাছ থেকে আমি ছবি বেরিয়ে আসতে দেখেছি।’
তিনি বলেন, ‘আমাদের আনন্দময় সময় দরকার। শুধু চাকরি বা ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকলে হবে না, যে কাজ করছি সেটা আনন্দের মধ্য দিয়ে করতে হবে। যারা শুধু নিজের জন্য চিন্তা করে লেখাপড়া করে, তারা জীবনে কিছু করতে পারে না।’
২৩ অক্টোবর থেকে শুরু হওয়া চিত্র প্রদর্শনীটি ২৫ অক্টোবর, শনিবার পর্যন্ত চলবে।