সৃজনশীল গণিত নিয়ে ভয়ের কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর নবম শ্রেণীর গণিতে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার পর থেকে শিক্ষার্থী-অভিভাবকদের অনেকেই আশঙ্কা করছেন, এ পদ্ধতিতে গণিতে পাস করা কঠিন হবে। আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় এ পদ্ধতি চালু হওয়ার কথা।
কিন্তু এ আশঙ্কা উড়িয়ে দিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, গণিত সৃজনশীল বিষয়ে ভালো করতে শিক্ষার্থীকে পাঠ্যবইয়ে থাকা তত্ত্ব ভালো করে বুঝতে হবে ও এর ব্যবহারিক প্রয়োগ জানতে হবে। এ নিয়ে শিক্ষার্থীদের ভয়ের কোনো কারণ নেই। প্রতিটি সমস্যার প্রতি অংশের জন্য আলাদা আলাদা নম্বর দেওয়া হবে। এ জন্য সৃজনশীল পদ্ধতিতে পাস করা খুবই সহজ, বরং ফেল করাই কঠিন।
‘গণিত সৃজনশীল প্রশ্নপদ্ধতি নিয়ে কোনো ভয় নেই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গতকাল বুধবার এসব মতামত তুলে ধরেন সৃজনশীল বিষয়ে বিশেষজ্ঞ, গণিত শিক্ষাক্রম বিশেষজ্ঞ, গণিতের মাস্টার ট্রেইনার এবং বিভিন্ন স্কুলের গণিত শিক্ষকেরা।
প্রথম আলোর উদ্যোগে প্রতিষ্ঠানের কার্যালয়ে গতকাল এই গোলটেবিল অনুষ্ঠিত হয়। গোলটেবিল সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
গোলটেবিলে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের বিশেষজ্ঞ রবিউল কবীর চৌধুরী বলেন, গণিত সৃজনশীল পদ্ধতিতে হওয়ায় শিক্ষার্থী সহজেই ভালো নম্বর পেতে পারবে। এ পদ্ধতিতে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের সুযোগ পাবে। শিক্ষার্থী ভালো করে বিষয়টি বোঝে কি না এবং প্রয়োগ করতে পারছে কি না, সেটাই দেখা হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম বিশেষজ্ঞ মো. আজিজুর রহমান বলেন, শিক্ষককে তার জানার পরিধি বাড়াতে হবে, চিন্তা করতে হবে, তারপর শ্রেণীকক্ষে পড়াতে হবে।
মাস্টার ট্রেইনার রতন কান্তি মণ্ডল বলেন, গণিতের সমাধানের সঙ্গে জীবনের সবকিছুই সম্পর্কযুক্ত। তাই সৃজনশীল গণিত নিয়ে একটু চিন্তা করলেই সমাধান সম্ভব।
মাস্টার ট্রেইনার ফয়সাল আজিজ বলেন, গণিত বিষয়ে এখন শিক্ষার্থীকে কম লিখতে হবে, চিন্তা করতে হবে বেশি। একটি গাণিতিক সূত্র কীভাবে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে হয়, সেটাই শুধু শিক্ষার্থীকে চিন্তা করে বের করতে হবে।
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষক রনজিৎ কুমার শীল বলেন, প্রতিটি শিক্ষার্থীকে গণিতের অধ্যায়ের শুরুতে দেওয়া উদাহরণগুলো ভালো করে দেখতে হবে, বুঝতে হবে ও পড়তে হবে।
মনিপুর স্কুল ও কলেজের গণিত শিক্ষক মু. রইচউদ্দিন বলেন, গণিত মুখস্থ করা বাদ দিতে হবে। সূত্র ও চারপাশের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে গণিত শিখতে হবে।
[এই গোলটেবিলের আলোচনা নিয়ে ক্রোড়পত্র খুব শিগগির প্রথম আলোতে প্রকাশিত হবে। এতে গণিতের সৃজনশীল বিষয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা থাকবে।]