সৃজনশীল জ্ঞানে সমৃদ্ধ হতে তরুণদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, তরুণ প্রজন্ম যাতে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে পারে, এ জন্য তাদের সময়োপযোগী ও সৃজনশীল জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া ভাষণে গতকাল রোববার রাষ্ট্রপতি এ কথা বলেন। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর অথনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, এনইউবি ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ, এনইউবির ভারপ্রাপ্ত উপাচার্য আনোয়ারুল করীম। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, একুশ শতক বিশাল সম্ভাবনার জানালা উন্মুক্ত করেছে, এটি আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। যদি তরুণ প্রজন্মকে সমসাময়িক বিশ্বের জ্ঞানে প্রস্তুত করতে সক্ষম হই, তাহলে তাঁরা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।
নতুন স্নাতকদের অভিনন্দন জানিয়ে তাঁদের দেশ গড়ার কাজে নিজেকে উৎসর্গ করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আপনারা দেশের গুরুত্বপূর্ণ মানবসম্পদ। আজকের সমাবর্তন আপনাদের, আপনাদের পরিবার, সমাজ এবং সর্বোপরি দেশ ও জাতির দায়িত্বভার অর্পণ করেছে।
সমাবর্তনে প্রায় চার হাজার ৬০০ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের ডিগ্রি দেওয়া হয়।