সৃজনশীল পদ্ধতি দিয়ে শিক্ষার্থীদের হয়রানি!
মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া সৃজনশীল পদ্ধতির অপপ্রয়োগের কারণে শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে। এ পদ্ধতির অংশ হিসেবে সারা দেশের বিদ্যালয়গুলোতে স্কুল বেসড অ্যাসেসমেন্ট (এসবিএ) বা বিদ্যালয়ভিত্তিক মূল্যায়ন চালু হয়। ফরিদপুরের অনেক শিক্ষক এ পদ্ধতির অপব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।২০০৬ সালে এ পদ্ধতির আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। অভিভাবকেরা বলছেন, এসবিএ নিয়ে ছেলেমেয়েরা দস্তুরমতো ভয়ে থাকে। শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারাও যুগোপযোগী এ শিক্ষাপদ্ধতির অপব্যবহার হচ্ছে বলে স্বীকার করেছেন।এ পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য শিক্ষকদের হাতে বিষয়প্রতি ৩০ নম্বর দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ছয়টি দিক পর্যালোচনা করে এ নম্বর দেওয়া হয়। এগুলো হচ্ছে: শ্রেণী অভীক্ষা, নির্ধারিত কাজ, বাড়ির কাজ, মৌখিক উপস্থাপনা, শ্রেণীর কাজ ও দলগত কাজ। ফরিদপুরের শিক্ষার্থীরা ইতিমধ্যেই এসবিএর ভিন্ন মানে দাঁড় করিয়েছে। তাদের মতে, এসবিএ মানে হচ্ছে ‘স্যারের বাসায় এসো’। ষষ্ঠ শ্রেণী থেকে এসবিএ শুরু হলেও জেএসসি ও এসএসসি পরীক্ষায় এটি রাখা হয়নি।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পদ্ধতি চালু হওয়ায় তারা শিক্ষকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। কেননা, উল্লিখিত বিষয়ে পারদর্শিতা দেখালেও শিক্ষকদের ‘খুশি’ করতে না পারলে এসবিএতে বেশি নম্বর পাওয়া যায় না। কোনো কোনো শিক্ষক এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে। শিক্ষকদের খুশি করতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে প্রয়োজন না হলেও পড়তে (প্রাইভেট) আসে। আর এ কারণেই শিক্ষার্থীদের কাছে এসবিএর মানে দাঁড়িয়েছে—স্যারের বাসায় এসো।ফরিদপুর জিলা স্কুল থেকে এ বছর এসএসসি পাস করা এক ছাত্র জানায়, শুরুর দিকে কোনো কোনো শিক্ষক ঠিকমতো পরীক্ষা নিয়ে যাচাই-বাছাই করে এসবিএর নম্বর দিলেও বাকি শিক্ষকেরা গুরুত্ব দেননি। পরবর্তী সময়ে কোনো মূল্যায়ন না করে শিক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী নম্বর দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থী অভিযোগ করে, যারা শিক্ষকের বাসায় গিয়ে পড়েছে, তারা ৩০ নম্বরই পেয়েছে। আর যারা ওই শিক্ষকের কাছে পড়েনি, তারা কম নম্বর পেয়েছে।ফরিদপুর সরকারি বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীর মা বলেন, ‘শিক্ষকদের হাতে নম্বর থাকায় শিক্ষার্থীরা শিক্ষকদের হাতে বন্দী। শিক্ষকেরা তাঁদের ক্ষমতার অপব্যবহার করেন। শ্রেণীকক্ষেই তাঁরা হুমকি দিয়ে বলেন, তাঁর হাতে নম্বর আছে।’এ পদ্ধতি নিয়ে সংকটে আছেন শিক্ষকেরাও। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি স্কুলের শিক্ষক প্রথম আলোকে জানান, এ পদ্ধতি ভালো। তবে আমাদের দেশের জন্য এটি উপযোগী নয়। এ পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে হলে সারা বছরই তাঁদের পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতে হবে, বাস্তবে যা সম্ভব নয়। তাঁরা স্বীকার করেন, তাঁদের অনেক সহকর্মী পরীক্ষা না নিয়ে বা বাসায় পড়ানোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন।ফরিদপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রাণী সরকার বলেন, ‘এসবিএ সরকারের ভালো একটি উদ্যোগ। কিন্তু অনেক শিক্ষক একে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। কিন্তু সমস্যা হচ্ছে, কোনো শিক্ষার্থী বা অভিভাবক সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ করেন না। তাই আমাদের করণীয় কিছু থাকে না।’ তিনি আরও বলেন, ‘আমার দুই ছেলে ফরিদপুর জিলা স্কুলে পড়ে। আমি একজন অভিভাবক হিসেবে বলতে পারি, ওরাও এসবিএ নিয়ে সব সময় ভয়ের মধ্যে থাকে।’ফরিদপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস বলেন, ‘এসবিএকে শিক্ষার্থীরা “স্যারের বাসায় এসো” বলে আখ্যায়িত করে। এর পেছনে অবশ্যই যুক্তি আছে। অনেক শিক্ষক এর অপব্যবহার করেন বলে শুনি।’জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ পদ্ধতিতে শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের নির্যাতিত হওয়ার শতভাগ আশঙ্কা আছে। এ কারণেই জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ পদ্ধতি রাখা হয়নি। তবে পদ্ধতিটির ভালো দিকও আছে। শিক্ষকেরা ছয়টি পরীক্ষা নিয়ে মূল্যায়ন করে নম্বর দিলে তাতে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের জন্য উপকারই হবে। এ পদ্ধতি বলবৎ রাখার জন্য নম্বর ৩০ থেকে কমিয়ে ১০ করা যেতে পারে বলে পরামর্শ দেন তিনি।