সৃজনশীল পদ্ধতি পুরোপুরি প্রয়োগ করতে পারিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষাব্যবস্থায় সৃজনশীল পদ্ধতি পুরোপুরি প্রয়োগ করতে পারেননি বলে স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, সৃজনশীল পদ্ধতি নিয়ে শিক্ষকদের কাজ করার উদ্যোগ কম। শিক্ষকেরা পড়ানোর পর একজন শিক্ষার্থী আরও পাঁচটি কাজ যদি একাই করতে পারে, তবে এই পদ্ধতি কাজে দেবে।
গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সেরা সংগঠকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমানে উচ্চশিক্ষিত তরুণেরা জঙ্গি হচ্ছেন। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর এমনটাই দেখা গেছে। তাঁদের বিভ্রান্ত করা হচ্ছে। ভালো বই পড়ালে তাঁদের সঠিক পথে রাখা সম্ভব। এটি তাঁদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।
পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় ঢাকা বিভাগের মোট ১৫৩ জন সংগঠককে সম্মাননা দেওয়া হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘যখন কাজ উন্নতমানের হয়, তখনই পুরস্কার দেওয়া হয়। যোগ্যতা কখনো অপুরস্কৃত থাকে না।’ বই পড়া সম্পর্কে তিনি বলেন, কচি ছেলেমেয়েদের আগে সাহিত্য পড়তে দিতে হবে। তারা আগে মজার বই পড়বে। এরপর ধীরে ধীরে দর্শন, বিজ্ঞান ইত্যাদি পড়বে।
‘বিউটি অ্যান্ড বিস্ট’ নামক রূপকথার গল্পের সূত্র টেনে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরা যাদের জানোয়ার বলি, তাদের
মধ্যেই রাজপুত্র আছে। যদি তাদের জন্য দু-ফোঁটা চোখের পানি ফেলি, তবেই তা সম্ভব হবে। তবেই আলোকিত বাংলাদেশ গড়ে তোলা যাবে।’
অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত সচিব ও সেকায়েপের প্রকল্প পরিচালক মো. মাহামুদ-উল-হক প্রমুখ বক্তব্য দেন।