সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা থেকে সরিয়ে আনবে
‘পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একধরনের ভীতি থাকে। মুখস্থ করে পরীক্ষায় অংশগ্রহণ করায় এ সমস্যা দেখা দেয়। প্রশ্ন কমন পড়ে কি না, সেই দুশ্চিন্তা তাদের তাড়া করে বেড়ায়। এ ছাড়া নিষিদ্ধ গাইড ও নোটবই তাদেরকে পাঠ্যবইবিমুখ করে তুলছে। এসব সমস্যা দূর করতে সৃজনশীল পদ্ধতি প্রণয়ন করা হয়েছে। এই পদ্ধতি শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে সরিয়ে আনবে।’মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে অবস্থিত জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ‘সৃজনশীল প্রশ্ন, বিদ্যালয়ভিত্তিক মূল্যায়ন ও কৃতিভিত্তিক ব্যবস্থাপনা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষকেরা এ মন্তব্য করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।জানা গেছে, গতকাল সকাল নয়টায় জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত।