সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত শিক্ষা কার্যক্রম নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তাঁর মতে, দেশে এখন পরীক্ষাসর্বস্ব শিক্ষাব্যবস্থা চলছে। শিক্ষা আর পরীক্ষার ফলকে এক করে ফেলা হয়েছে। সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করছে। 


আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং শিক্ষা আইন ২০১৬’ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে আবুল কাসেম ফজলুল হক এ কথা বলেন। নাগরিক ভাবনা নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন আবুল কাসেম ফজলুল হক।

আবুল কাসেম ফজলুল হক বলেন, শিক্ষাব্যবস্থা সম্পর্কে বাংলাদেশের সংবিধানে কিছু কথা লেখা আছে। কোনো সরকারই সেগুলো মানছে না। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা এখন চৌদ্দ ভাগে বিভক্ত। এটা সংবিধান ও রাষ্ট্রের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। জাতীয় শিক্ষানীতিতে কী লেখা আছে, সেটা বড় কথা নয়, বাস্তবে শিক্ষাব্যবস্থার রূপ ও প্রকৃতি কেমন হচ্ছে, সেটাই বড় কথা।

আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘আট বছর ধরে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে মূল ধারার প্রতি উদাসীনতা শিক্ষাব্যবস্থাকে জটিল করে তুলেছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ধর্মশিক্ষা থাকলেও নৈতিক শিক্ষা নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নানা ধারা-উপধারায় এমনভাবে বিভক্ত যে তা জাতি ও রাষ্ট্র গঠনের সম্পূর্ণ পরিপন্থী। কথিত সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ, জ্ঞানবিমুখ করছে। পরীক্ষার ফল কেন্দ্রীয়ভাবে ঘোষণার সময় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যেসব কথা বলেন, তাতে শিক্ষা সম্পর্কে সম্পূর্ণ পরীক্ষাসর্বস্ব ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা আর পরীক্ষার ফলকে সমার্থক করে ফেলা হয়েছে।

দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষার অবস্থাও ভালো নয় বলে মনে করেন আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত শিক্ষা কার্যক্রম নেই।

শিক্ষাব্যবস্থা নিয়ে যত আলোচনা হবে, ততই এর ত্রুটি-বিচ্যুতিগুলো বেরিয়ে আসবে উল্লেখ করে আবুল কাসেম ফজলুল হক বলেন, শিক্ষা আইন, ২০১৬ পড়তে গেলে জাতীয় শিক্ষানীতি ও শিক্ষাব্যবস্থার অত্যন্ত জটিল ও ভয়াবহ চিত্র সামনে আসে। গোটা নীতি ও ব্যবস্থাকে বুঝে ওঠা অত্যন্ত কঠিন।

বাংলা মাধ্যম ও বাংলা ভাষাকে শিক্ষায় অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়ে ১০ দফা সুপারিশ করেন এই অধ্যাপক। এর মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত রাখা। পঞ্চম ও অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা বাতিল করা। সৃজনশীল পরীক্ষাপদ্ধতি পরিবর্তন করে এমন পদ্ধতির প্রবর্তন করা, যা শিক্ষার্থীদের মনে পাঠানুরাগ, জ্ঞানস্পৃহা তৈরি করবে। এ ছাড়া ইংলিশ ভার্সন বিলুপ্ত, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বাংলা ভাষা শেখার ব্যবস্থাকে উন্নত করা এবং শিক্ষানীতি ও শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠন করার কথাও বলেন তিনি। তবে সবকিছুর জন্য জনসাধারণকে জাগতে হবে বলে মনে করেন তিনি। কারণ, জনগণ ঘুমিয়ে থাকলে কোনো সম্ভাবনাই বাস্তবায়িত হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান। আরও বক্তব্য দেন নাগরিক ভাবনার উপদেষ্টা প্রকৌশলী ইনামুল হক, রাজীব শেখ, রাজনীতিবিদ দেলওয়ার হোসেন, মোয়াজ্জেম হোসে খান মজলিশ, মুক্তিযোদ্ধা মোতাসিম বিল্লাহ প্রমুখ।