সৃজনশীল পদ্ধতিতে শিক্ষকদের কার্যকর প্রশিক্ষণ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল পদ্ধতি সবার কাম্য হলেও এ পদ্ধতি অনেকটা আকস্মিকভাবে শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অস্পষ্টতা ও ভীতি কাজ করছে। এ জন্য শিক্ষকদের যথাযথ এবং কার্যকর প্রশিক্ষণ প্রয়োজন। মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সিভিল সোসাইটি এডুকেশন ফান্ডের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল অ্যাভান্সমেন্ট সেন্টার (স্যাক) এবং গণসাক্ষরতা অভিযান এ সভার আয়োজন করে।এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবুল ইসলাম শিকদার। বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনারা বেগম, স্যাকের পরিচালক দীপক ঘোষ, গণসাক্ষরতা অভিযানের ব্যবস্থাপক মির্জা কামরুন নাহার প্রমুখ।বক্তারা বলেন, দেশের সার্বিক শিক্ষা-কার্যক্রম আগের তুলনায় অনেকটা এগিয়েছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে সার্বিক দায়বদ্ধতা এবং অংশগ্রহণ আরও বাড়াতে হবে। নতুন শিক্ষানীতির যথাযথ বাস্তবায়ন করার পাশাপাশি সৃজনশীল পরীক্ষা পদ্ধতির চলমান প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মতভাবে ব্যবহার করতে হবে। বক্তারা আরও বলেন, ঢাকার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা যে ধরনের সুযোগ-সুবিধা পায়, অজপাড়া গাঁয়ের স্কুল-কলেজের দরিদ্র শিক্ষার্থীরা তা পায় না। তৃণমূল পর্যায় থেকে শুরু করে সবার জন্য সমান শিক্ষাসুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ছাড়াও ভোটার তালিকা তৈরি, বিভিন্ন ধরনের জরিপ, শিশুদের টিকা খাওয়ানোসহ বিভিন্ন সরকারি কর্মসূচিতে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হয়। এতে শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়। শিক্ষকদের বেতনবৈষম্য দূর করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।