সৃজনশীল প্রশ্ন বাড়ানোর প্রতিবাদে নান্দাইলে কর্মসূচি
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাতটি সৃজনশীল প্রশ্ন ও নম্বর বাড়ানোর প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা পরিষদের সামনের অংশ অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে তারা এই কর্মসূচি পালন করে।
শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে ৬০ নম্বরের জন্য ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হতো ২ ঘণ্টা ১০ মিনিট সময়ের মধ্যে। এখন ৭০ নম্বরের জন্য সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে সময় পাওয়া যাবে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিট। অন্যদিকে নৈর্ব্যক্তিক প্রশ্নের নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ করা হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, পরীক্ষার পদ্ধতি নিয়ে বারবার পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে তাদের দুর্ভোগ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাই তারা আগের নিয়ম বহাল রাখার দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেছে।
এ সময় বিক্ষোভস্থলের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়লে ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। খবর পেয়ে নান্দাইলের ভারপ্রাপ্ত ইউএনও তামিম আল ইয়ামীন ও মডেল থানার ওসি মো. আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে দাবিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।