সৃজনশীল প্রশ্নপদ্ধতি ও নতুন বিষয় আইসিটি কমিয়েছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ প্রায় অর্ধেকে নেমে এসেছে। কমেছে পাসের হারও। বোর্ড কর্তৃপক্ষ ও শিক্ষকদের দাবি, সৃজনশীল প্রশ্নপদ্ধতির পরিধি বাড়ায় এবং নতুন তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয় যুক্ত হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে। কেউ কেউ অবশ্য রাজনৈতিক অস্থিরতাকেও দায়ী করেছেন।
গতকাল রোববার প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক শূন্য ৬ শতাংশ। গত বছর এই হার ছিল ৭১ দশমিক ৭৫। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৯ জন শিক্ষার্থী, যা আগের বছর ছিল ২ হাজার ২২৫।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব আ. মোতালেব হাওলাদার বলেন, সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্র করার পরিধি বেড়েছে। কিন্তু শিক্ষার্থীরা এখনো এই পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে উঠতে পারেনি। তা ছাড়া এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন বিষয় আইসিটি। এসবের প্রভাব পড়েছে ফলাফলে। জিপিএ-৫ কমেছে আশঙ্কাজনক হারে।
বরিশাল শিক্ষা বোর্ডের দুই বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৪ সালে এ বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫৪ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হন ৩৯ হাজার ৪০২ জন। পাসের হার ছিল ৭১ দশমিক ৭৫। জিপিএ-৫ পান ২ হাজার ২২৫ জন। আর এ বছর ৫৫ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩৯ হাজার ৯৭ জন।
৯৩ দশমিক ৩৫ শতাংশ পাস করা ও ২১৩টি জিপিএ-৫ পাওয়া বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী বলেন, গত ডিসেম্বর ও জানুয়ারিতে দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি শিক্ষার্থীদের মধ্যে একধরনের ভীতি সৃষ্টি করে। এ ছাড়া এ বছরই প্রথম তথ্যপ্রযুক্তি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এ বিষয়ের প্রশিক্ষিত শিক্ষকের সংকট আছে। এসবের কারণে ফল বিপর্যয় হয়েছে। রাজনৈতিক অস্থিরতার কথা বললেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীরও। তিনি বলেন, এ কারণে শিক্ষার্থীরা ঠিকভাবে ক্লাস করতে পারেনি। এটা যেমন সমস্যা সৃষ্টি করেছে, তার সঙ্গে নতুন একটি বিষয় বাধ্যতামূলক হওয়ায় ফলাফল নেমে গেছে।