সৃজনশীল প্রশ্নে নেতাদের নাম নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রাকনির্বাচনী পরীক্ষায় বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নপত্রের একটি অংশ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রশ্নপত্রের এই অংশে বিএনপির এক নেতার সঙ্গে একই দলের আরেক নেতার নাম জড়িয়ে বিদ্রূপাত্মক শব্দ ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং সংশ্লিষ্ট একাডেমিক সুপারভাইজারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।গত শনিবার জামালপুরের পৌরসভা ও সংলগ্ন ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ে গুচ্ছের ভিত্তিতে দশম শ্রেণীর প্রাকনির্বাচনী পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। ওই পরীক্ষার ৫ নম্বর প্রশ্নটি নিয়েই বিতর্ক। প্রশ্নটিতে একটি অনুচ্ছেদ তুলে দিয়ে চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়।অনুচ্ছেদটি হলো, ‘জামালপুর পৌরসভার মেয়র জনাব ওয়ারেছ আলী মামুন অত্যন্ত স ৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি পৌরসভার সবাইকে সমান চোখে দেখেন। এমনকি বাড়ির চাকর ভোলাকেও নিজের ছেলের মতো দেখেন। ভোলাকে সাথে নিয়ে খাবার খান, নিজের ছেলের মতো জামা-কাপড় পরতে দেন। এ জন্য অনেকে ভুল করে ভোলাকে মেয়রের নিকট আত্মীয় বলে মনে করে।’অনুচ্ছেদে উল্লেখিত জামালপুর পৌরসভার মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদকও। এখানে ‘চাকর’ চরিত্রের নাম ‘ভোলা’ উল্লেখ করায় বিপত্তিটা ঘটেছে। কারণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হলেন আমজাদ হোসেন ভোলা মল্লিক। জামালপুরের বিএনপির রাজনীতিতে মামুন গ্রুপ ও ভোলা গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ জন্য ওই প্রশ্নটি নিয়ে গত শনিবার রাত থেকে শহরে আলোচনা হচ্ছে।এ প্রসঙ্গে আমজাদ হোসেন ভোলা মল্লিক বলেন, ‘আমি প্রশ্নপত্রটি দেখেছি। মামুন-সমর্থিত শিক্ষকেরাই ইচ্ছাকৃতভাবে আমাকে হয়রানি ও সম্মানহানি করার জন্য এটি করেছে। আমি দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’মেয়র শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘আমি ঢাকায় আছি। প্রশ্নটি দেখিনি। তবে জেনেছি, প্রশ্নপত্রে আমার নাম ব্যবহার করা হয়েছে। এটি আসলে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য করা হয়েছে। যারা করেছে, তারা অস ৎ উদ্দেশ্যেই করেছে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া দরকার।’এ ঘটনায় গত শনিবার রাতেই জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ বিষয়টি তদন্ত করে দোষী শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।জেলা শিক্ষা কর্মকর্তা রায়হানা আক্তার বেগম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সোমবার বিকেল পাঁচটার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।রায়হানা আক্তার বলেন, একজন শিক্ষকের কাণ্ডজ্ঞানহীন দায়িত্বের কারণে গোটা শিক্ষা বিভাগ সমালোচনার মুখে পড়েছে। ঘটনাটি খুবই গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জামালপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুমা সুলতানা খানম বলেন, ‘আমাকে শোকজ করা হয়েছে। আমি যেহেতু প্রশ্ন প্রণয়ন কমিটির প্রধান ছিলাম, সেহেতু এ নিয়ে ঝামেলার সব দায়দায়িত্ব আমার ওপরই বর্তাচ্ছে। সৃজনশীল প্রশ্নটি যে শিক্ষক করেছেন, তাঁকে সোমবারের মধ্যে চিহ্নিত করব।’