বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে লালন করতে হলে সৃজনশীল বাংলা গানের চর্চা বাড়াতে হবে। দেশের প্রতিটি অঞ্চলেই রয়েছে গানের নিজস্ব ঘরানা ও ঐতিহ্য। সেসব ঐতিহ্যকে যাঁরা এখনো ধারণ করে রেখেছেন, সেসব গুণী শিল্পীকে তুলে ধরতে হবে। অঞ্চলবিশেষের এসব গান জাতীয়ভাবে উপস্থাপন এবং সংরক্ষণের ব্যবস্থা করতে পারলে কখনো গানের ধারার পরম্পরা বিনষ্ট হবে না।
গতকাল শুক্রবার সিলেট নগরের কবি কাজী নজরুল অডিটোরিয়ামে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘সংগীত-অবয়ব’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেছে সিলেটের জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, আনন্দলোক, সিলেট ললিতকলা একাডেমি ও গীতবিতান বাংলাদেশ। সকাল থেকে রাত পর্যন্ত তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানে ছিল সংগীত ব্যক্তিত্ব ও গুণীজনদের বক্তৃতা এবং স্থানীয় শিল্পী ও বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা।
পুরো অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত পণ্ডিত রামকানাই দাশ, বিদিতলাল দাস ও চন্দ্রাবতী রায়বর্মণকে। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম পর্বে আলোচনায় অংশ নেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক মো. আবদুল আজিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অসিত রায় ও সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস।