সৃজনশীল বাংলা সাহিত্য বিভিন্ন ভাষায় অনুবাদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষায় লেখা সৃজনশীল সাহিত্য বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করার আহ্বান 
জানিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী এবং তাঁর নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ
উদ্যাপনে গতকাল বুধবার জাতীয় পর্যায়ের কর্মসূচি উদ্বোধন করার সময় তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে বৈচিত্র্যপূর্ণ বাংলা সাহিত্যকর্মের সঙ্গে বিশ্বের অন্যান্য ভাষা ও সংস্কৃতির পরিচয়
ঘটবে। এ ছাড়া অন্যান্য ভাষার সাহিত্য বাংলা ভাষায় অনুবাদের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলার কবি-সাহিত্যিকেরা অনেক উঁচুমানের সাহিত্যকর্মের স্রষ্টা। তাঁদের সৃষ্টি অন্যান্য
ভাষায় অনুবাদ হওয়া প্রয়োজন। এ ছাড়া বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে অন্যান্য ভাষার সাহিত্যকর্মও বাংলায়
অনুবাদ করতে হবে। শেখ হাসিনা বলেন, এ ব্যাপারে উদ্যোগ নিতে তিনি ইতিমধ্যে বাংলা একাডেমীকে অনুরোধ
করেছেন।
ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন আয়োজক মন্ত্রণালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস। এতে ‘গীতাঞ্জলি, নোবেল পুরস্কার
ও রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন প্রখ্যাত রবীন্দ্র গবেষক আহমদ রফিক।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করে তাঁর সরকার একটি সমৃদ্ধ, আধুনিক,
অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়। তিনি বলেন, রবীন্দ্রনাথের স্বপ্নের স্বদেশ ছিল ক্ষুধা, দারিদ্র্য ও
নিরক্ষরতামুক্ত স্বদেশ। তিনি বলেন, ‘বাংলাদেশ, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি যত দিন থাকবে, তত দিন
রবীন্দ্রনাথ আমাদের আলোর দিশারী হয়ে থাকবেন। তাঁর জন্মের দেড় শ বছর পরও তিনি আমাদের বিশ্বাস ও
চেতনায় সমুজ্জ্বল হয়ে আছেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, শিগগিরই সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। ইতিমধ্যে
বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণের কাজ শুরু করেছে। পরে শেখ হাসিনা
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশিত রবীন্দ্রসংগীত উপভোগ করেন।