সৃজনশীল বিষয়ে শিক্ষাবিদদের সঙ্গে মন্ত্রণালয়ের সভা রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণে দেশের বরেণ্য শিক্ষাবিদদের নিয়ে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। 

এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে সৃজনশীল অংশে প্রশ্ন ও নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর মধ্যেই এই সভার আয়োজন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মূলত এ বিষয়ে পরামর্শ নেওয়ার জন্যই সভার আয়োজন করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শিক্ষাবিদদের পরামর্শেই পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) কমিয়ে সৃজনশীলে নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন যেহেতু এ নিয়ে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাই আবার তাঁদের মতামত নেওয়া হবে।

বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় একটি প্রশ্নপত্রকে দুই ভাগে ভাগ করে প্রশ্ন করা হয়। একটি অংশে সৃজনশীল, আরেকটি অংশ এমসিকিউ। এত দিন ১০০ নম্বরের পরীক্ষায় সৃজনশীলে ছিল ৬০ নম্বর। আর এমসিকিউ অংশের নম্বর ছিল ৪০। এমসিকিউয়ের জন্য সময় ছিল ৪০ মিনিট।
কিন্তু শিক্ষাবিদেরা বিভিন্ন সময়ে পরীক্ষা থেকে এমসিকিউ উঠিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে সরকার ধাপে ধাপে এমসিকিউ অংশের নম্বর কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। প্রথম ধাপে আগামী বছরের পরীক্ষায় এমসিকিউ অংশের ১০ নম্বর কমিয়ে সৃজনশীল অংশে বাড়ানোর সিদ্ধান্ত হয়। অর্থাৎ একটি পরীক্ষায় যদি ১০০ নম্বর থাকে, তাহলে সেখানে এখন সৃজনশীল অংশের নম্বর হবে ৭০। এমসিকিউ নম্বর হবে ৩০। গত বছরের অক্টোবরে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছিল। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে শিক্ষা বোর্ড নম্বর পুনর্বণ্টন করে।

কিন্তু এরপর থেকেই শিক্ষার্থীরা এর বিরোধিতায় আন্দোলন করছে। তারা আগের ব্যবস্থা বহাল রাখার দাবি করছে। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, যেভাবে সময় দিয়ে নম্বর বণ্টন করা হয়েছে, তাতে শিক্ষার্থীদের অসুবিধা হওয়ার কথা নয়। বিষয়টি তারা ভালোভাবে বুঝতে পারেনি। কারণ, আগে সৃজনশীলের ছয়টি প্রশ্নের জন্য সময় ছিল ২ ঘণ্টা ১০ মিনিট। এখন আড়াই ঘণ্টা করা হয়েছে। আর এমসিকিউয়ের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৩০ মিনিট।

বেসরকারি শিক্ষক নিয়োগের ফল রোববার
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী রোববার। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।