বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, জীবনকে সুখকর ও সুন্দর করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে এর মধ্যেও মানুষের সুকুমারবৃত্তিগুলো বিকাশের জন্য গল্প-উপন্যাস পড়া আবশ্যক। সৃজনশীল মস্তিষ্ক না থাকলে ডিজিটাল বাংলাদেশ তৈরি করা যেত না।
আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত ‘শওকত ওসমান: জীবন ও দর্শন’ শীর্ষক স্মৃতি বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
প্রযুক্তিমন্ত্রী বলেন, তাঁর বাবার অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকার পরও তিনি অসৎভাবে অর্থ উপার্জনের কথা কখনো ভাবেননি। তাঁর সন্তানেরাও তাঁর এই জীবনদর্শন মেনে চলে বড় হয়েছেন।
স্মৃতি বক্তৃতায় মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান আবুল আজাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, শওকত ওসমান অসুস্থ থাকাকালীন শহীদ মিনারে মৌলবাদবিরোধী সমাবেশে যোগ দিয়েছিলেন। আবার আহমদ শরীফের সঙ্গে আদর্শগত বিরোধ থাকার পরও তাঁর বিরুদ্ধে মৌলবাদী আক্রমণ হলে শওকত ওসমান আহমদ শরীফের পক্ষে দাঁড়িয়েছিলেন। আবার বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদস্বরূপ তিনি দেশত্যাগ করেছিলেন।
শওকত ওসমানের সাহিত্যকর্ম সংরক্ষণের জন্য একটি একাডেমি দরকার বলে তিনি মনে করেন।
শওকত ওসমানের জ্যেষ্ঠ ছেলে বুলবন ওসমান বলেন, বাবা বলতেন, সব ধর্মের প্রতি ভালোবাসা। সত্যিকারের ধার্মিক লোক কখনো খারাপ কাজ করতে পারে না। বাবাকে নিয়ে যেসব ভুল ধারণা আছে, সেগুলো দূর হওয়া দরকার।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সাবেক সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে স্মৃতি বক্তৃতায় আরও বক্তব্য দেন অধ্যাপক আফসার উদ্দিন আহমেদ।