সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু ১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ মার্চ সারা দেশে শুরু হচ্ছে ‘সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। ১ মার্চ উদ্বোধনী দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। শিক্ষামন্ত্রী জানান, ৫০ হাজার শিক্ষার্থীর সমন্বয়ে এই শোভাযাত্রা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ থেকে ৩ মার্চ পর্যন্ত উপজেলা পর্যায়ে, ৭ থেকে ৯ মার্চ জেলা পর্যায়ে, ১২ থেকে ১৫ মার্চ বিভাগীয় পর্যায়ে ও ১৬ থেকে ১৯ মার্চ ঢাকা মহানগর পর্যায়ে এ প্রতিযোগিতা হবে। সবশেষে জাতীয় প্রতিযোগিতা হবে ২২ মার্চ। জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ১২ মেধাবীকে এক লাখ টাকা করে পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের তিনটি ভাগে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা একটি ভাগে, নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত একটি এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আরেকটি ভাগে প্রতিযোগিতায় অংশ নেবে। মোট চারটি বিষয়ের ওপর প্রতিযোগিতা হবে। এর মধ্যে ভাষা ও সাহিত্য, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ তিন ভাগের জন্যই থাকবে। অপর বিষয়টি হলো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য দৈনন্দিন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য বিজ্ঞান। এসব বিষয়ে রচনা লেখা, বক্তৃতা উপস্থাপন, বিজ্ঞানবিষয়ক প্রকল্প উপস্থাপনসহ কয়েকভাবে মেধা যাচাই করা হবে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।
২০১৩ সাল থেকে এ প্রতিযোগিতা হচ্ছে।