সৃজনশীল মেধা অন্বেষণের মূল পর্ব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার মূল পর্ব গতকাল মঙ্গলবার সারা দেশে শুরু হয়েছে। গতকাল থেকে উপজেলা পর্যায়ে
চার দিনব্যাপী এই প্রতিযোগিতা হবে। পর্যায়ক্রমে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতা হচ্ছে। মূল পর্ব শুরু উপলক্ষে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে শোভাযাত্রার সমাপনী বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাধ্যমিক স্কুল, কলেজসহ সমমানের শিক্ষার্থীদের নিয়ে ২০১৩ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে দেশের আনাচকানাচে ছড়িয়ে
থাকা অসাধারণ মেধাবীদের অন্বেষণ ও পৃষ্ঠপোষকতা দিয়ে দেশ উন্নয়নে অগ্রবাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। প্রতিযোগিতা সফল করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
শোভাযাত্রায় শিক্ষামন্ত্রী ছাড়াও অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ। শোভাযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
এই প্রতিযোগিতা উপলক্ষে ১০ মার্চ আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, উপজেলা পর্যায়ে ১৫, ১৬, ১৮ ও ১৯ মার্চ এই প্রতিযোগিতা হবে। এরপর জেলা পর্যায়ে ২২ মার্চ, ঢাকা মহানগরে ২৩ মার্চ, বিভাগীয় পর্যায়ে ২৪ মার্চ ও জাতীয় পর্যায়ে ৩১ মার্চ এ প্রতিযোগিতা হবে।
এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতা করে মূল পর্বে অংশগ্রহণের জন্য শিক্ষার্থী বাছাই করা হয়।