তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সমস্যার সৃজনশীল সমাধানে দরকার উদ্ভাবনী ধারণা। এ কারণে উদ্ভাবনী ধারণা বা নতুন ব্যবসায় উদ্যোগকে (স্টার্টআপ) প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে এবং উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করা হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘ডিজিটাল অপরচুনিটি ফর স্টার্টআপ ইন আইসিটি ডিভিশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় জুনাইদ আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, উদ্ভাবনী সংস্কৃতি তৈরির লক্ষ্যে টেকসই উদ্ভাবনী ইকো-সিস্টেম তৈরি, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন, তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিসহ নানা কার্যক্রম গ্রহণ করা হবে।
প্রতিমন্ত্রী নতুন ব্যবসায় উদ্যোগ (স্টার্টআপ) সংক্রান্ত নীতিমালা তৈরির কথা বলেন। তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে আত্মনির্ভরশীল এবং তাদের দক্ষতা অর্জনে নতুন ব্যবসায় উদ্যোগ সম্পর্কে ধারণা দিতে হবে। তাদের আগ্রহী করে তুলতে হবে।
আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিকাশ-এর প্রধান নির্বাহী কামাল কাদির, স্টার্টআপ বিশেষজ্ঞ সাইফ কামাল, শাহানা শারমিন ও উদ্যোক্তা রুবাবা দৌলা মতিন বক্তব্য দেন।