সৃজনশীলের নতুন পদ্ধতি বাতিলের দাবি শিক্ষার্থীদের
২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম, দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। আজ রোববার দুপুরে মিছিল করে তারা প্রেসক্লাব চত্বরে জমায়েত হয়। এ সময় শিক্ষার্থীরা সেখানে বক্তব্য দেয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘নতুন পরীক্ষাপদ্ধতি বাতিল কর, করতে হবে’, ‘পুরোনো পদ্ধতি বহাল রাখ’, ‘৭টি দেব না, ৬টি সৃজনশীল বহাল রাখ’ ইত্যাদি স্লোগান দেয়।
মিছিলে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, কাজেম আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ এশিয়ান কলেজ, ওয়ালিউল্লাহ ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা একে একে বক্তব্য দেয়। বক্তব্য দেয় সাউথ এশিয়ান কলেজের সৈয়দ তানভির মাহমুদ, কলেজিয়েট স্কুলের ইরফান আহমেদ, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের সাদমান বিন আহমেদ, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের তোফায়েল হোসেন, রবিউল হাসান প্রমুখ। তারা বলে, ২০১৭ সাল থেকে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু এর জন্য সময় বাড়ানো হয়েছে মাত্র ১০ মিনিট। মোট সময় দেওয়া হয়েছে ২ ঘণ্টা ২০ মিনিট। আগে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হতো ২ ঘণ্টা ১০ মিনিটে। তাই আমরা এই পদ্ধতি বাতিলের দাবি জানাচ্ছি।
আন্দোলনরত শিক্ষার্থী সৈয়দ তানভির মাহমুদ বলে, ‘কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়া হঠাৎ করে নতুন একটি পদ্ধতি ছাপিয়ে দেওয়ার কারণে আমাদের পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা বেশি। আর নতুন পদ্ধতির জন্য সময় বাড়ানো হয়নি। ফলে এটা আমাদের জন্য বিপজ্জনক হবে।’ তারা এ নিয়ে আগেও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেয় বলে জানায়।