সৃজনশীলের নতুন পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নতুন সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম, দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রোববার দুপুরে মিছিল করে তারা প্রেসক্লাব চত্বরে জমায়েত হয়।

মিছিলে শিক্ষার্থীরা নতুন পরীক্ষাপদ্ধতি বাতিল করে পুরোনো পদ্ধতি বহাল রাখার দাবি জানায়। মিছিলে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, কাজেম আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, সাউথ এশিয়ান কলেজ, ওয়ালিউল্লাহ ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেয় সাউথ এশিয়ান কলেজের ছাত্র সৈয়দ তানভির মাহমুদ, কলেজিয়েট স্কুলের ইরফান আহমেদ, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের সাদমান বিন আহমেদ, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের তোফায়েল হোসেন, রবিউল হাসান প্রমুখ। তারা বলে, ২০১৭ সাল থেকে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু এর জন্য সময় বাড়ানো হয়েছে মাত্র ১০ মিনিট। মোট সময় দেওয়া হয়েছে ২ ঘণ্টা ২০ মিনিট। আগে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হতো ২ ঘণ্টা ১০ মিনিটে। তাই এই পদ্ধতি বাতিল করতে হবে।