সৃষ্টিকর্তা রোহিঙ্গাদের মধ্যেও বিরাজমান

বিশ্বে খ্রিষ্টধর্মের অন্যতম প্রধান নেতা পোপ ফ্রান্সিসের বাংলাদেশে আবস্থানের কয়েক দিন এখানকার বাঙালি খ্রিষ্টানদের বড়দিন পালনের মতোই সুদিন ছিল। কিংবা বলা যায়, তাঁর আগমনে চরম আধ্যাত্মিকতার মতোই সুন্দর ও আনন্দের পরম প্রাপ্তি হয়। পবিত্র এই গুরু পোপ ফ্রান্সিসের আগমনের ফলে এ বছর বাংলাদেশের খ্রিষ্টানদের আনন্দ যেন দ্বিগুন হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই এল বড়দিন। তাই যেন দিকে দিকে আজ রবীন্দ্রনাথের বাণীর মতো শান্তির বার্তা বয়ে চলেছে, ‘তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি, ওই যে আসে, আসে, আসে।’ যেভাবে এসেছিলেন আমাদের মাঝে অসাম্প্রদায়িক পোপ ফ্রান্সিস।
বিগত সোয়া দুই হাজার বছরের অধিককাল ধরে বিভিন্ন ও বিচিত্র অনুসন্ধানের মাধ্যমে যিশুখ্রিষ্টের জীবন ও চরিত্রের আলোকসম্পাত ঘটে চলছে। বিভিন্ন লেখালেখি, পেইন্টিং, চলচ্চিত্র, সভা-সেমিনারের প্রতিপাদ্য, পৃথিবীর সর্বাধিক আলোচিত ব্যক্তিত্ব হলেন যিশুখ্রিষ্ট। তিনি সর্বত্রই নন্দিত, নিন্দিত আবার তুমুল বিতর্কিতও। কেননা, বলা হয় স্বর্গ-মর্ত্যের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের অদ্বিতীয় পুত্র যিশুখ্রিষ্ট পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করেছেন। খ্রিষ্টের এই বিতর্কিত জন্মবৃত্তান্ত থেকে শুরু করে, ক্রুশে আরোহণের মাধ্যমে ভয়াবহ মৃত্যুর উপাখ্যান, কবর থেকে পুনরুত্থানের পর পিতা ঈশ্বরের নিকট স্বর্গারোহণ এবং জীবিত যিশুর নানা আলৌকিক কর্মকাণ্ড—এসব নিয়েই আমাদের আলোচনা।
তাই তো যুগের চাহিদার ভিত্তিতে শিল্প-সাহিত্যের প্রভূত উন্নতির জন্য গ্রিক ও ল্যাটিন ভাষার পণ্ডিত পোপ নিকোলাস রোমকে বিশ্বের সমস্ত শিল্প ও বিজ্ঞান সাধনার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠা করেছেন বিশ্বখ্যাত ভ্যাটিকান গ্রন্থাগার। পোপ সিক্সটাস, রোমকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর নগরী তৈরির সাধনায় মনোরম সিস্টিন চ্যাপেল গড়ে উঠেছে সেখানে। প্রতিভাধর শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে সন্ত পিতর গির্জার মূল নকশা ও স্থাপনাটি নির্মাণের সমস্ত কাজই করানো হয়েছিল। ফলে ত্রয়োদশ শতকে উত্তর ফ্রান্সে গথিক শিল্পে নতুন স্থাপত্যরীতির প্রচলন ঘটেছিল। গির্জার খিলানে ধনুকাকৃতির এই শিল্পবৈশিষ্ট্য এবং খিলানগুলো গির্জার ওপরের অংশে মিলিত হওয়ার ফলে উপাসকদের মনে ঊর্ধ্বমুখী পবিত্রতার সৃষ্টি হয়। বিজ্ঞানসম্মত শিল্পনির্ভর এই স্থাপত্যরীতির উৎসও খ্রিষ্টীয় উচ্চাকাঙ্ক্ষার মূর্ত রূপ। কেউ কেউ একে ক্যাথলিক রীতির শিল্পও বলেন। কারণ পৃথিবীর মহাগির্জাগুলো বিশ্বের গথিক স্মৃতিসৌধ হিসেবেও উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। যদিও স্থাপত্যশিল্পের আরেক মহান সৃষ্টি রোমিও রীতির প্রচলনেও অনেক গির্জা আছে।
আবার বিখ্যাত এমন কোনো শিল্পী নেই, যাঁর তুলির আঁচড়ে খ্রিষ্টের মুখের ক্যানভাস মুগ্ধ কিংবা রক্তাক্ত হয়নি। যদিও মাইকেল অ্যাঞ্জেলো ভাস্কর, চিত্রকর, স্থপতি কারিগররূপে বিখ্যাত ছিলেন; তবু বাইবেলের অন্তিম বিচারের বিষয়ে সিস্টিন চ্যাপেলে তাঁর আঁকা ফ্রেস্কো চিত্রটি খুবই জনপ্রিয়। এ প্রসঙ্গে কেবল রেনেসাঁ আর্টফর্মের স্রষ্টা লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা এনানসিয়ে, ভার্জিন অব দ্য রকস, ম্যাডোনা বেনোইস, লা জোকান্দা, লাস্ট সাপার ছবিগুলোর বাইবেলভিত্তিক ধ্রুপদি খ্যাতির কথা নানাভাবেই আলোচিত। মিলানের সান্তা মারিয় দেল্লে গ্রতসিয়ে গির্জায় ‘লাস্ট সাপার’ এবং প্যারিসের জাদুঘরে ‘মোনালিসা’ শিল্পীর আশ্চর্য ও আলোচিত এই ছবি দুটি আছে। যদিও ভিঞ্চির মোনালিসা ছবির নারীর অন্তরালে ম্যাগদোলিনা মেরির রহস্যময়তা খুঁজতে এখন বিশ্বের বহু শিল্প সমালোচকের লেখায় ফুটে উঠছে নানা রূপকথা।
যুগে যুগে বিশ্বের বহু ভাস্করের হাতের ছেনি-হাতুড়িতে পাথরের যিশুর মর্মস্পর্শী আধ্যাত্মিক অনুভূতি জীবন্ত হয়েছে, যে হিসাবের পরিসংখ্যান পাওয়া দুরূহ কাজ। মাইকেল অ্যাঞ্জেলোর বৃহদাকার মোশি ভাস্কর্য এবং সন্ত পিতরের মহাগির্জায় মেরির ক্রোড়ে শায়িত যিশু (পিয়েতা) মহান সৃষ্টিকর্ম। যদিও অ্যাঞ্জেলোর নগ্ন অ্যাডাম এখন সম্মানের সঙ্গে পূজিত হয় ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক রূপে। আলব্রেখট ড্যুরারের কাঠ ও তামার পাত খোদাইয়ের মাধ্যমে ফুটে উঠেছে ‘প্রার্থনারত যুক্তকর’। রাফায়েলের ‘ম্যাডোনা’। মুরিল্লোর ‘কুমারি মারিয়ার স্বর্গোন্নয়ন’। এবং ব্রাজিলের রিও ডি শহরের পাহাড়চূড়ায় খ্রিষ্টের দুই হাত প্রশস্ত রাখা ভাস্কর্যটি আজ বিশ্বের সপ্তম আশ্চর্যের মতো সদর্পে দাঁড়িয়ে আছে সমহিমায়।
পৃথিবীর এমন কোনো কবি-লেখক নেই, যাঁর লেখায় যিশুখ্রিষ্টের জীবনীর সোনার কাঠির ছোঁয়া লেগে ওঠেনি। সেক্সপিয়ার, টেনিসন, এলিয়ট, পাস্তেরনাক, গ্যেটে, সুইনবার্ন, কাফকা, কামু, কামিংসের রচনা থেকে শুরু করে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসীমউদ্দীনের লেখায়ও শাশ্বতভাবে উঠে এসেছে যিশুখ্রিষ্টের প্রসঙ্গ।
শিল্পকলার বিভিন্ন মাধমে এভাবেই খ্রিষ্টীয় শিল্পসাহিত্য ও সংস্কৃতি বিকশিত হয়েছে। আবার শিল্প-সংস্কৃতির বিকাশের ধারায় ঘটেছে পুনর্জাগরণ বা রেনেসাঁস আন্দোলন। আবার একসময় খ্রিষ্টান ধর্মের মৌলিক সত্য গৌণ করে ধর্ম কিছু ভক্তিমূলক আচার-অনষ্ঠানে আটকে গিয়েছিল। ঠিক তখন জার্মান সন্ন্যাসী মার্টিন লুথার ‘দণ্ড-মোচন’ প্রশ্নে সর্বত্রই পোপের সমালোচনা করে প্রটেস্ট্যান্ট বিদ্রোহ বা ধর্মসংস্কার আন্দোলনের সূত্রপাত করেছিলেন, যা কেবল স্পেন ও ইতালি ছাড়া ইউরোপের অধিকাংশ রাষ্ট্রেই ছড়িয়ে পড়েছিল।
ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবার বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গাদের মুখে শুনলেন তাদের কীভাবে নির্বিচারে গুলি, মেয়েদের ধর্ষণ, শিশুদের হত্যা ও গুম এবং ঘরবাড়ি লুট করা হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ব্যাপক দমন-পীড়নের দুর্দশার এই সব কথা নিজের কানে শুনে আবেগময় কণ্ঠে কেবল সেই খ্রিষ্টবাক্যই উচ্চারণ করেছেন, ‘...আজ সৃষ্টিকর্তার উপস্থিতি রোহিঙ্গাদের মাঝেও বিরজমান’।
হেনরী স্বপন: কবি, জীবনানন্দ লিটলম্যাগ সম্পাদক