সৃষ্টিকর্মের মধ্যে বেঁচে থাকবেন শাহ আবদুল করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মগুণে সারা দেশে তিনি পরিচিত হয়েছিলেন বাউলসম্রাট নামে। শোষকদের দমন-পীড়নমূলক আচরণের প্রতিবাদ করতেন কথা, গান আর সুরে। পাশাপাশি ছিলেন গণ-আন্দোলনের অগ্রণী সৈনিক। অবারিত সৃষ্টিকর্মের মধ্য দিয়ে বাঙালির হূদয়ে চিরকাল বেঁচে থাকবেন তিনি।গত রোববার বিকেলে বাউলসম্রাট শাহ আবদুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এ কথাগুলো বলেছেন। এ উপলক্ষে বাউলসম্রাটের নিজ বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে সমবেত হয়েছিলেন বাউল অনুরাগীরা।দুপুরে বাউলসম্রাটের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় প্রথম মৃত্যুবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা। বিকেল সাড়ে চারটায় শুরু হয় স্মরণ সভা। বাউলের একমাত্র ছেলে শাহ নূরজালালের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুল হক, গবেষক মাহফুজুর রহমান, অধ্যাপক অনুকূল চন্দ্র দেব, সুমনকুমার দাশ, লেখক রণধীর রায় ও স্থানীয় তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লেখক নীরেশ চন্দ্র রায়।মুঠোফোনে বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী ও বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সহজ-সরল, নির্লোভ, নিরহংকার শাহ আবদুল করিম ছিলেন একজন অসাম্প্রদায়িক আধুনিক মানুষ। তাঁর গানে যেমন প্রেম ভাব আছে, তেমনি দ্রোহও আছে। সাধারণ মানুষের আবেগ আর জীবনের কথা তাঁর গানে উঠে এসেছে। তিনি দেশের বিভিন্ন জাতীয় সমস্যা ও সংকটে গান গেয়ে মানুষকে গানের মাধ্যমে জাগ্রত করেছেন। এখন করিমের জীবনদর্শন ও গানের চর্চার মাধ্যমেই তাঁকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।শাহ নূরজালাল তাঁর বক্তব্যে উজানধল গ্রামে প্রতিষ্ঠিত শাহ আবদুল করিম সংগীতালয়কে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার দাবি জানান।স্মরণ সভা শেষে শুরু হয় বাউল গানের আসর। ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’, ‘বন্ধে মায়া লাগাইছে’, ‘আমি ফুল বন্ধু ফুলের ভোমরা’, ‘আমি বাংলা মায়ের ছেলে’, ‘শোষক তুমি হও হুঁশিয়ার’সহ বাউলসম্রাটের প্রচলিত-অপ্রচলিত গান পরিবেশন করেন শিষ্য ও অনুরাগীরা।সারা রাত ধরে চলা আসরে গান পরিবেশন করেন বাউল আবদুর রহমান, সিরাজ উদ্দিন, আবদুল তোহায়েদ, আজগর আলী, বশিরউদ্দিন সরকার, দুখু মিয়া, মিন্টু সরকার প্রমুখ।