বরেণ্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার পৃথক শোকবার্তায় সুনীল গঙ্গোপাধ্যায়কে বাংলাদেশের অকৃত্রিম সুহূদ উল্লেখ করে নেতারা বলেন, সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর রচিত সৃষ্টিকর্মের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন। রাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, সাহিত্যের বিভিন্ন শাখায় বিশাল অবদানের জন্য বাংলা ভাষাভাষী মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়কে সব সময় মনে রাখবে। প্রধানমন্ত্রী তাঁর শোকবাণীতে বলেছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিমসহ বিভিন্ন উপন্যাস এবং ‘নিখিলেশ’, ‘নীরা’সহ বিভিন্ন কবিতা, গল্প, রম্যরচনা পাঠকের কাছে অমর হয়ে থাকবে। তাঁর লেখনী মুক্তিযুদ্ধে প্রেরণা ও শরণার্থীদের দুঃখকষ্ট সহ্য করার সাহস জুগিয়েছিল। খালেদা জিয়া তাঁর শোকবার্তায় বলেন, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও শিশুসাহিত্য রচনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের অসামান্য প্রতিভার পরিচয় মেলে। তিনি আধুনিক বাংলা সাহিত্য ও সাংবাদিকতার উজ্জ্বল অভিযাত্রী। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে বড় ধরনের শূন্যতার সৃষ্টি হলো। আরও শোক: সাহিত্যিক সুনীলের মৃত্যুতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এক শোকবাণীতে বলেছেন, বাংলাদেশের সুহূদ সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর বৈশিষ্ট্যপূর্ণ সৃষ্টিকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করে গেছেন।বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও মুক্তিযুদ্ধের এই কলমবন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। জাতীয় কবিতা পরিষদের শোকবার্তায় বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকটের পরম বন্ধু ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। এ ছাড়া কেন্দ্রীয় খেলাঘর আসর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, আইন ও সালিশ কেন্দ্র, জাতীয় গণতান্ত্রিক লীগসহ বিভিন্ন দল ও সংগঠন পাঠকপ্রিয় এই লেখকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।