সে আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রুবেল আমার শরীরে আগুন ধরায়ে দেছে। আজ (বুধবার) আমারে বিয়ে করার কথা ছিল। ওরা প্রতারণা করে আমার গর্ভপাত করাইছে। এখন রুবেল আর আমারে বিয়ে করতে চায় না। বিয়ে করতে বলায় সে আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।’ মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পুলিশের কাছে এভাবেই জবানবন্দি দিয়েছিল খুলনা নগরের বানরগাতি আরামবাগ এলাকার গৃহকর্মী হালিমা (১৫)। বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে ওই জবানবন্দি দেওয়ার পর রাতে সে মারা যায়।জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে গৃহকর্তার ছোট ভাই খুরশিদুল আলম ওরফে রুবেল (২৪)। একপর্যায় হালিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিয়ের জন্য চাপ দিলে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে বুধবার রাতে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) টিপুলাল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার দুপুরে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে দেখা যায় হালিমাকে (১৫)। সারা শরীর আগুনে ঝলসে মেয়েটির চেহারা বীভৎস হয়ে যায়।হালিমা কলেজশিক্ষক খায়রুল আলমের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। সে ফুলতলা উপজেলার দামোদর এলাকার কাশেম ঢালির মেয়ে। ওই বাড়িতে কাজ করার সময় খায়রুল আলমের ছোট ভাই, খুলনা বিএল কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র খুরশিদুল আলম তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বাংলাদেশ মানবাধিকার সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খুরশিদুল বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এরপর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ অবস্থায় মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে ক্ষিপ্ত হয়ে খুরশিদুল তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।’এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পর হালিমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সোয়া ১২টার দিকে সে মারা যায়। কলেজশিক্ষক খায়রুল আলম দাবি করেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন। ওই সময় তাঁর স্ত্রীও কর্মস্থলে ছিলেন। হালিমার মা মরিয়ম বিবি জানান, তাঁর স্বামী দীর্ঘ দিন ধরে ভারতে। তিনি নিজে দিনমজুরি করে অনেক কষ্টে সংসার চালান। অভাবের কারণে হালিমাকে ওই বাড়িতে কাজ করতে দিয়েছিলেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার এসআই হোসেন আল মাহবুব জানান, মেয়েটির মা মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মেয়েটির জবানবন্দি রেকর্ড করা আছে।