সেঁজুতির আত্মহত্যার ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় স্কুলছাত্রী সেঁজুতি আক্তার ওরফে কমলাকে গণধর্ষণের ঘটনায় মামলা নিতে ব্যর্থতা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে ন্যূনতম উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তার সমন্বয়ে এ কমিটি গঠন করতে বলা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে কমিটিকে ৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।সেঁজুতির ঘটনায় মামলা নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী গতকাল রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করেন। রুলে ওই ঘটনায় মামলা গ্রহণে পুলিশের অবহেলা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় দোষীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, সেঁজুতিকে ধর্ষণের ঘটনায় মামলা নিতে ব্যর্থতা তদন্তে স্বরাষ্ট্রসচিবকে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন আদালত। এ বি এম আলতাফ হোসেন বলেন, এ ছাড়া এই ঘটনায় ভূমিকা জানাতে বাকেরগঞ্জ থানার ওসিকে ১৬ নভেম্বর হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। উল্লেখ্য, গণধর্ষণের শিকার হওয়ার পর সেঁজুতি গত শুক্রবার রাতে বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামে ঘরের চৌকাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সৌদি আরবপ্রবাসী সাদেক মৃধার মেয়ে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ: সেঁজুতির ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ। গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারসহ ওসি সৈয়দ রবিউল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। এদিকে আমাদের বরিশাল অফিস জানিয়েছে, সেঁজুতির আত্মহত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন। গতকাল দুপুরে সেঁজুতির গ্রামের বাড়ি গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর সময় তিনি এ অনুরোধ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লাল হোসেন, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন উপস্থিত ছিলেন। এদিকে এ ঘটনায় বাকেরগঞ্জ থানার পুলিশ গতকাল ভোরে আবুল হাসেম মৃধা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি এ মামলার অন্যতম আসামি সাইফুল ইসলামের নানা। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, গ্রেপ্তার হওয়া আবুল হাসেম মৃধার বিরুদ্ধে সেঁজুতির পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।