সেই অগ্নিদগ্ধ পোশাকশ্রমিক মুর্শেদা মারা গেছেন
স্বামীর নির্যাতনের শিকার পোশাক-শ্রমিক সেই মুর্শেদা বেগম মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে গত সোমবার ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।মুর্শেদার এই অকাল মৃত্যুর জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকেও দায়ী করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। অগ্নিদগ্ধ হওয়ার পর মুর্শেদাকে প্রথম ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোনো বার্ন ইউনিট না থাকার পরেও তাঁকে সেখানে রেখে চিকিৎসা দেওয়া হয়।এদিকে মৃত্যুর পর লাশ নিয়েও নানা বিড়ম্বনার মধ্যে পড়েন মুর্শেদার আত্মীয়রা। সকালে মারা গেলেও টাকা দিতে না পারায় গতকাল বিকেল পর্যন্ত তাঁর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়নি। সারা দিন বসে থেকে অবশেষে লাশ না নিয়েই চলে যেতে বাধ্য হন তাঁরা।পারিবারিক সূত্র জানায়, যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামী রুবেল গত ২৩ আগস্ট রাতে ঘুমন্ত অবস্থায় মুর্শেদার দেহে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর রুবেল তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে গা ঢাকা দেন। মুর্শেদার অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে তাঁর বড় ভাই শিপন এক আত্মীয়কে নিয়ে ২৭ আগস্ট সাভারে আসেন। তাঁরা হাসপাতালের চিকিৎসাসেবার বেহাল দশা দেখে ক্ষুব্ধ হন। এ ছাড়া ওষুধ ও চিকিৎসার খরচ তাঁদের সাধ্যের বাইরে হওয়ায় মুর্শেদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। কিন্তু ছয় দিনে লক্ষাধিক টাকার চিকিৎসা খরচ পরিশোধ করতে না পেরে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তরে ব্যর্থ হন।মুর্শেদাকে এনাম মেডিকেল থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করতে না পেরে শিপন যোগাযোগ করেন প্রথম আলোর এই প্রতিবেদকের সঙ্গে। তাঁর মুখে শুনে এবং সরেজমিনে খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রতিবেদক একটি প্রতিবেদন তৈরি করেন। গত সোমবার ওই প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হলে ওই দিন সকালেই তাঁকে প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে প্রথম আলোর প্রতিবেদন দেখে এনাম মেডিকেলে গিয়ে খোঁজখবর নেয় আশুলিয়া থানার পুলিশ। ওই দিনই মুর্শেদার ভাই শিপনকে বাদী করে রুবেলের বিরুদ্ধে আশুলিয়া থানায় দায়ের করা হয় নারী নির্যাতন মামলা।মুর্শেদার ভাই শিপন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে আটটায় মুর্শেদা মারা যান। মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নেওয়া হয় ওই হাসপাতালেরই মর্গে। দুপুরে রাজধানীর শাহবাগ থানার পুলিশ মর্গে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর কতিপয় ব্যক্তি লাশের ময়নাতদন্ত নিয়ে নানা জটিলতা সৃষ্টি করেন।শিপন অভিযোগ করেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর কতিপয় ব্যক্তি লাশ পরিবহনসহ ময়নাতদন্তের কাজ দ্রুত সম্পন্ন করার কথা বলে তাঁদের কাছে ১১ হাজার টাকা দাবি করেন। ওই পরিমাণ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ময়নাতদন্তের কাজ সম্পন্ন না করেই গতকাল বিকেলে তাঁদের বিদায় করে দেওয়া হয়।মুর্শেদার মামা নান্নু মিয়া অভিযোগ করেন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে উপযুক্ত চিকিৎসার অভাবই মুর্শেদার মৃত্যুর অন্যতম কারণ।মুর্শেদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপিপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, নিয়ম অনুযায়ী শাহবাগ থানার পুলিশই নিহতের ময়নাতদন্ত শেষে আত্মীয়দের কাছে লাশ হস্তান্তর করার কথা।মুর্শেদা বগুড়ার শেরপুর উপজেলার সাততারা গ্রামের মৃত মোক্তার হোসেনের মেয়ে। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মাস ছয়েক আগে জয়পুরহাটের রুবেল নামে এক পোশাকশ্রমিকের সঙ্গে তাঁর বিয়ে হয়।