সেই অধ্যক্ষ দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়জুল আমীন সরকার। ছবি: সংগৃহীত
ফায়জুল আমীন সরকার। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে বিজয় দিবসে শহীদদের জন্য দোয়া করতে গিয়ে বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া করা মাদ্রাসার অধ্যক্ষ ফায়জুল আমীন সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতের বিচারক গোলাম কিবরিয়া শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই গতকাল সোমবার অধ্যক্ষ ফায়জুল আমীন সরকারের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন।

গত শনিবার বিজয় দিবস উপলক্ষে গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে একাত্তরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফায়জুল আমীন সরকার। দোয়া অনুষ্ঠানে ফায়জুল আমীন সরকার (বঙ্গবন্ধু হত্যাকারীদের জন্য দোয়া করেন )। তাঁর এ ধরনের বক্তব্যে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আবদুল কাদের তালুকদার বাদী হয়ে গোপালপুর থানায় বিশেষ ক্ষমতা আইন-১৬ ধারায় অধ্যক্ষ ফায়জুল আমীন সরকারের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনার পর ফায়জুল আমীনকে পুলিশ আটক করে। রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, বুধবার ফায়জুল আমীন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে নিয়ে আসা হবে। তিনি জামায়াত-শিবির বা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হচ্ছে।