সেই অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
ছাত্র পেটানোর ঘটনায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহর এক মাসের বাধ্যতামূলক ছুটি বাতিল করে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যক্ষ আবু দারদা গত বৃহস্পতিবার সকালে শতাধিক ছাত্রকে বেতের লাঠি দিয়ে বেধড়ক পেটান বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী অভিভাবক ও শিক্ষার্থীরা। ওই ঘটনার পর অধ্যক্ষের অপসারণের দাবিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা গত শনিবার বিক্ষোভ করে। শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ ওই দিনই অধ্যক্ষ আরিফ বিল্লাহকে বাধ্যতামূলক এক মাসের ছুটি দেন। গতকাল দুপুর একটার দিকে জরুরি বৈঠকে বসেন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যরা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে সর্বসম্মতিক্রমে আবু দারদা মো. আরিফ বিল্লাহর বাধ্যতামূলক ছুটি বাতিল করে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’এদিকে কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী অধ্যক্ষ আরিফ বিল্লাহ, আহত শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে গতকাল খুলনা বিভাগীয় শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত প্রতিবেদন পাঠিয়েছেন।এ ছাড়া শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি গতকাল দ্বিতীয় দিনের মতো তদন্ত করেছে। তদন্ত শেষে এই কমিটির আজ সোমবার পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা।