সামনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন
সেই অস্ত্রগুলো উদ্ধার হয়নি গ্রেপ্তার হয়নি সন্ত্রাসীরাও
২০১০ সালের ১০ অক্টোবর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনে প্রায় অর্ধশত অস্ত্র প্রদর্শন করে অস্ত্রবাজি করে সন্ত্রাসীরা। এক বছর পেরিয়ে গেলেও ওই অস্ত্রের একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ। ধরতে পারেনি অস্ত্র জোগানদাতা মূল হোতাকেও। তার ওপর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদেরও গ্রেপ্তার করা হয়নি। এ অবস্থায় আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সেই অস্ত্রধারী ও তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা এলাকায় ফিরে আসতে শুরু করেছে। কেউ কেউ কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য মাঠে নেমেছে। উদ্ভূত পরিস্থিতিতে নগরবাসী উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। তাঁরা অবিলম্বে অস্ত্র উদ্ধার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শান্তিতে ভোট দেওয়ার নিশ্চয়তা চেয়েছেন।আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৬৮ জন তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী রয়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে ৩৪ জন। অন্যদের পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। ওদের বিরুদ্ধে হত্যা, জবরদখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রবাজির অভিযোগসহ থানায় একাধিক মামলা রয়েছে। নির্বাচন উপলক্ষে তালিকাভুক্ত সন্ত্রাসীদের এলাকায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন তাদের মদদদাতা ও পৃষ্ঠপোষকেরা। নগরবাসীর ধারণা, নির্বাচনের সময় ওদের ব্যবহার করবেন সংশ্লিষ্ট এলাকার মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা।সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, জেলার কোতোয়ালি মডেল থানার ১১৩ জন সন্ত্রাসীর মধ্যে এ পর্যন্ত ২৩ জন ও সদর দক্ষিণ মডেল থানার ৫৫ জনের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আগে এসব তালিকাভুক্ত সন্ত্রাসী ও তালিকার বাইরের সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় জনমনে আতঙ্ক রয়ে গেছে।এ প্রসঙ্গে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান চলছে। নির্বাচনকে কেন্দ্র করে ওই অভিযান আরও বাড়ানো হবে। যুবদলের সম্মেলনে প্রদর্শিত অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ এখনো চেষ্টা চালাচ্ছে। অপরাধী, অস্ত্রবাজ ও তালিকাভুক্ত সন্ত্রাসীরা নানা কৌশলে ঘোরাফেরা করলেও তাদের রেহাই দেওয়া হবে না।জানতে চাইলে জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে কোতোয়ালি ও সদর দক্ষিণ থানার সন্ত্রাসীদের তালিকা পুনর্বিন্যাস করা হবে। ওই সময় অস্ত্রধারী ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মাসেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।