সেই আ.লীগ নেতা আত্মগোপনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পথসভায় গুলির ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের নেতা দিপক মজুমদার অস্ত্রসহ আত্মগোপন করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, গুলির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে বার্তা পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তাঁরা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বার্তার অপেক্ষায় আছেন। ওই ঘটনায় আহত ওসি নাজমুল হাসান চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় গেছেন।
হারুন অর রশিদ আরও বলেন, পথসভায় শটগান থেকে গুলি বের হয়ে যাওয়ার পরই জেলা আওয়ামী লীগের সদস্য ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিপক মজুমদার অস্ত্রসহ আত্মগোপন করেছেন। পুলিশ তাঁর খোঁজ রাখছে।
গতকাল সন্ধ্যায় দিপক মজুমদারের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া যায়।
উপজেলার পরায়ণ গ্রামের মুন্সিবাড়ি কুমপাড় এলাকায় গত শনিবার সকালে একটি পথসভায় যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। সভা চলাকালে সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতা দিপক মজুমদারের শটগান থেকে গুলির ঘটনা ঘটে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেনসহ সাতজন আহত হন।
তবে দিপক মজুমদার পরে দাবি করেন, তিনি ওই সভাতেই ছিলেন না। কাজেই তাঁর শটগান থেকে গুলির প্রশ্নই আসে না। তিনি জানান, সভায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। যদিও ঘটনার পর তদন্ত করে পুলিশ ও প্রশাসন জানায়, দিপকের কাছে থাকা শটগান থেকেই ওই গুলির ঘটনা ঘটে।
এদিকে, গতকাল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওই গুলির বিষয়ে আলোচনা হয়। ওই সভায় অংশ নেওয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির দুজন সদস্য জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন বিষয়টি সভায় উপস্থাপন করে এ ব্যাপারে তদন্ত দাবি করেন।