মানব পাচার মামলায় চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি আক্তার বানু। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. নাজমুল হোসেন চৌধুরীর আদালতে জবানবন্দি দেন তিনি।
আদালত সূত্র জানায়, জবানবন্দিতে আক্তার বানু বলেন, ১৬ জানুয়ারি রাত নয়টায় বাংলাদেশ বিমানে করে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার সময় বিমানবন্দরের অভিবাসন পুলিশ তাঁকে আটক করে। তাঁর সঙ্গে আরও একজন ছিলেন। তাঁদের সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করেছিলেন আইনজীবী জামাল হোসেন। বিমানবন্দরে তাঁরা প্রবেশ করার পর জামাল হোসেন বাইরে অবস্থান করছিলেন বলে আক্তার বানু জবানবন্দিতে উল্লেখ করেন।
পুলিশ জানায়, ফজলুল কাদের ও আক্তার বানু পরিচয় গোপন করে ওমরাহ করতে যাচ্ছিলেন। আক্তার বানুর প্রকৃত নাম রেজিয়া আক্তার। দালালদের সহায়তায় মিয়ানমার থেকে বাংলাদেশে এসে ওমরাহর নামে সৌদি আরব যাচ্ছিলেন। এ ঘটনায় বিমানবন্দরের অভিবাসন শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদুল ইসলাম দুজনকে আসামি করে মানব পাচার আইনে রাতে থানায় মামলা করেন। অন্যদিকে এই দুজনকে বিমানবন্দরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষায় ছিলেন আইনজীবী জামাল ও তাঁর স্ত্রী। রাতে র্যাব তাঁদের দুজনকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাঁদেরও মামলার আসামি করা হয়।
১৭ জানুয়ারি মানব পাচার আইনে করা এই মামলায় আইনজীবী জামাল হোসেন ও তাঁর স্ত্রীর জামিন আবেদন নামঞ্জুর হলে আইনজীবীরা এজলাসে ভাঙচুর, মামলার নথি তছনছ ও বিচারকের খাসকামরার বাইরের জানালার কাচ ভাঙচুর করেন। ওই দিন আইনজীবীরা দুই ঘণ্টাব্যাপী চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে স্লোগান দিয়ে দুজনের জামিন চেয়ে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ এলেও আইনজীবীদের বাধার মুখে ফিরে যায়। ওই দিন সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম এস এম মাসুদ পারভেজের আদালতে দ্বিতীয় শুনানির পর আইনজীবী ও তাঁর স্ত্রীর জামিন মঞ্জুর হয়। পরে বিক্ষুব্ধ আইনজীবীরা চলে যান।
এজলাসে ভাঙচুরের ঘটনায় সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করেন। ভাঙচুরের ঘটনায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বার কাউন্সিলকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ ছাড়া বিষয়টি তদন্ত করছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিও।
আইনজীবী জামাল হোসেনকে জড়িয়ে আসামি আক্তার বানুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।