সেই আক্কাস আলীর পেটে আবার অস্ত্রোপচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই আক্কাস আলী ভূঁইয়ার পেটে আবারও অস্ত্রোপচার করতে চাইছে বাংলাদেশ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে অস্ত্রোপচারের অনুমতি দিচ্ছেন না রোগীর স্বজনেরা। রোগীর স্বজনেরা বলছেন, প্রথমবার অস্ত্রোপচারের সময় তাঁদের কোনো অনুমতি নেওয়া হয়নি। চিকিৎসকদের ভুলেই রোগী মৃত্যুশয্যায়। এখন তাঁরা আবার অস্ত্রোপচারের অনুমতি দেবেন না। রোগীর শ্যালক শামীম আহমেদ গতকাল সোমবার জানান, তাঁরা কর্তৃপক্ষকে বলেছেন, এখন পরিবারের অনুমতি নিয়ে আবার অস্ত্রোপচার করতে হলে তাঁদের লিখিত দিতে হবে যে, প্রথমবার তাঁরা বিনা অনুমতিতে অস্ত্রোপচার করেছিল। অথবা তাঁদের অনুমতিপত্র দেখাতে হবে। আর যদি আবার অস্ত্রোপচার করে এবং এরপর কিছু হলে তার দায়ভার সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্তৃপক্ষকেই নিতে হবে।অন্যদিকে অস্ত্রোপচারকারী দলের প্রধান চিকিৎসক রেজাউর রহমান তালুকদার প্রথম আলোকে বলেছেন, তিনি অস্ত্রোপচারের আগে ‘রোগীর’ অনুমতি নিয়েছেন। রোগীর পরিবারের কারও অনুমতি না নিয়ে শুধু রোগীর অনুমতিতে অস্ত্রোপচার করা যায় কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘রোগী এডাল্ট, এডুকেটেট পারসন। অপারেশনের আগে রোগী মোটামুটি সুস্থ ছিলেন।’ এদিকে বিনা অনুমতিতে ওই রোগীর অস্ত্রোপচার এবং গত রোববার রাতে রোগীর স্বজনদের মারধর ও আটকে রাখার ঘটনায় অস্ত্রোপচারকারী চার চিকিৎসক, এক কর্মকর্তাসহ অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রোগীর ভাই আলী আহম্মদ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি করেন। এর আগে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।মামলার এজাহারে বলা হয়, গত ২৫ এপ্রিল ‘কোনো ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা এবং রোগীর পরিবারের কারও অনুমতি ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পরিকল্পিতভাবে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অদক্ষ ডাক্তাররা হত্যার উদ্দেশ্যে অস্ত্রোপচার করে রোগীর নাড়িভুঁড়ি কেটে ফেলে।’এ ঘটনায় চিকিৎসক রেজাউর রহমান তালুকদার, মনজুর মোর্শেদ সাইফ, জিয়া ও দীপুকে আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় হাসপাতালের স্টোর ব্যবস্থাপক আবু সাইদ মিয়াসহ হাসপাতালের অজ্ঞাতনামা ১৪-১৫ জন নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়।জানা যায়, ২৪ এপ্রিল পেটে ব্যথা নিয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ডেমরার আক্কাস আলী ভূঁইয়া। ২৫ এপ্রিল তাঁর পেটে অস্ত্রোপচার করেন হাসপাতালের চিকিৎসকেরা। রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকেরা তাঁদের অনুমতি না নিয়েই অস্ত্রোপচার করেন। এ সময় শিক্ষানবিশ চিকিৎসকদের অস্ত্রোপচার হাতে-কলমে শেখাতে গিয়ে ভুল করে তাঁর নাড়িভুঁড়ি কেটে ফেলা হয়। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে ২৫ এপ্রিল থেকে অজ্ঞান অবস্থায় রয়েছেন আক্কাস আলী। ওই অস্ত্রোপচার দলের প্রধান বাংলাদেশ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক রেজাউর রহমান তালুকদার (আর আর তালুকদার) এ বিষয়ে গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা কোনো ভুল চিকিৎসা করেননি। রোগীর পরিবার বিষয়টি বুঝতে পারছে না বলে দাবি করে তিনি বলেন, ‘তারা (রোগীর পরিবার) হাসপাতালে আসার আগে অন্য জায়গায় পরীক্ষা করিয়ে রোগীর পেটে পাথর হয়েছে বলে জানতে পারে। আমরাও পাথর দেখতে পেয়েছি। কিন্তু পরীক্ষা করে আমাদের মনে হয়েছে তাঁর ব্যথার কারণ তলপেটে।’ বিষয়টি রোগীকে জানিয়েই অস্ত্রোপচার করা হয়েছে বলে তিনি দাবি করেন। এখন আবার কেন অস্ত্রোপচার দরকার হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, অস্ত্রোপচারের পর কিছু সমস্যা হয়েছে। রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এ কারণে আবার অস্ত্রোপচার করা দরকার।